দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি টানা ভাজ্জি’কে আবেগঘন বার্তা দ্রাবিড়-বিরাটের
দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি টানা ভাজ্জি’কে আবেগঘন বার্তা দ্রাবিড়-বিরাটের
সদ্য প্রাক্তন হরভজন সিং-এর চোখ ধাঁধানো কেরিয়ার এবং ভারতীয় ক্রিকেটে তাঁর অবিস্মরণীয় অবদান'কে কুর্নিশ জানিয়ে আবেগঘন বার্তা দিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় দলে প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

এই মুহূর্তে দ্রাবিড় এবং বিরাট, দু'জনই ভারতীয় দলের সঙ্গে রয়েছে। ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট দিয়ে সফর শুরু করছে ভারত। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত গোটা দল। হরভজনের সঙ্গে দীর্ঘ ক্রিকেট খেলা দ্রাবিড় বিসিসিআই টিভি'কে বলেছেন, "কেরিয়ারে একাধিক চরাই-উতরাই পেরিয়ে পেরিয়েছে হরভজন কিন্তু প্রতিবারই লড়াই করে সব প্রতিকূলতা'র শৃঙ্খল ছিড়ে বেরিয়ে এসেছে। দুর্দান্ত একজন খেলোয়াড় এবং একই রকম টিম ম্যান। ও এমনই একজন ক্রিকেটার যার সঙ্গে আপনি যুদ্ধে যেতে চাইবেন। অবশ্যই ভারতের সেরা পারফরর্মারদের মধ্যে অন্যতম (ভাজ্জি)।"
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টে হরভজনের নেওয়া ৩২টি উইকেটের প্রসঙ্গ তুলে এনে ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' বলেন, "ওই সময়ে আমাদের একাধিক স্মরণীয় জয়ের নেপথ্যে অনিল কুম্বলের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছে হরভজন। এটা আমার কাছে তৃপ্তির যে আমি ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। অনিল কুম্বলের অনুপস্থিতিতে যে ভাবে ও প্রতিপক্ষর উপর (চাপ বজায় রেখে) আক্রমণ শানিয়ে গিয়িছে তা এক কথায় অনবদ্য।"
অপর দিকে, হরভজন সিং-এর উইকেট সংখ্যার কথা তুলে ধরেছেন বিরাট কোহলি। যে সংখ্যা তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর শিরোপা এনে দিয়েছে। অনিল কুম্বলের ঠিক পরেই জায়গা করে নেওয়া হরভজনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট উইকেট সংখ্যা ৭১১।
ভারতের টেস্ট অধিনায়ক বলেছেন, "৭১১টা আন্তর্জাতিক উইকেট কোনও মুখের কথা নয়। তোমার সাফল্যে তুমি গর্বিত হতে পার। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটা আশীর্বাদ কিন্তু এত দিন খেলতে পারাটা একটা আলাদাই ব্যাপার।" কোহলি'র আরও সংযোজন, "তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে আনন্দদায়ক। যখন প্রথম ভারতীয় দলে এসেছিলাম তখন তুমি যে ভাবে আমার পাশে থেকেছ তা মনে আছে। মাঠের বাইরেও দারুণ মুহূর্ত কাটিয়েছি আমরা।"
শুক্রবার দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট কেরিয়ার'কে বিদায় জানিয়েছেন হরভজন সিং। টুইট করে ব্যাট-বল তুলে রাখার কথা ঘোষণার পর পরই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে তাঁর সঙ্গে খেলার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেছেন মহারাজ। প্রাক্তন ভারত অধিনায়ক ছাড়াও হরভজনের অবসরের পর ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা তুলে ধরে ভাজ্জি'কে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা'রা।
১০৩টি টেস্টে ৪১৭ উইকেট ঝুলিতে নিয়ে অবসর ঘোষণা করলেন হরভজন। ২৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করে তিনি সংগ্রহ করেছেন ২৬৯ উইকেট। ভারতের হয়ে ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৫টি উইকেট রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications