স্টোকসের অবসর ঘোষণার দিন বড় স্বীকারোক্তি কোহলির, তাৎপর্যপূর্ণ মন্তব্য আজহারউদ্দিনের
স্টোকসের অবসর ঘোষণার দিন বড় স্বীকারোক্তি কোহলির, তাৎপর্যপূর্ণ মন্তব্য আজহারউদ্দিনের
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বেন স্টোকস। জানিয়ে দিয়েছেন ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচই ৫০ ওভারের ক্রিকেটে শেষ ম্যাচ হতে চলেছে তাঁর জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের অধিনায়ক।

বেন স্টোকসের অবসর ঘোষণা:
সোমবার (১৮ জুলাই) এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন বেন স্টোকস। তিনি জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা ওডিআই সিরিজের প্রথম ম্যাচটিই ওডিআই কেরিয়ারে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। ডারহামে মঙ্গলবারের ম্যাচটিই তাঁর শেষ ম্যাচ হবে এই ফরম্যাটে।

২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের দ্বিতীয় ক্রিকেটারের অবসর:
২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের পর সেই দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস। ব্রিটিশ মহাতারকা মনে করেন তাঁর পক্ষে একশো শতাংশ দেওয়া সম্ভব হয়ে উঠছে না ওডিআই ক্রিকেটে এবং ব্যস্ত স্পোর্টিং ক্যালেন্ডারে ক্রিকেটের তিন ফরম্যাটেই একই রকম পারফর্ম করাটাও কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে। জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর ঘোষণা করেন ইয়ন মর্গ্যান।

স্টোকসের উদ্দেশ্যে বিরাট কোহিলর বার্তা:
ইনস্টাগ্রামে যেই পোস্টে অবসর ঘোষণা করেন স্টোকস তাতে মন্তব্য করেছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, "তুমি হলে সব থেকে প্রতিযোগী মনোভাবাপন্ন ক্রিকেটার যাদের বিরুদ্ধে আমি খেলেছি (তাদের সকলের মধ্যে)।" সদ্যই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বেন স্টোকস। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি ভারতীয় দলকে এজবাস্টনে পরাজিত করে ইংল্যান্ড।

বেন স্টোকসের অবসর প্রসঙ্গে আজহারের মন্তব্য:
বেন স্টোকসের অবসর প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, "এক ক্রিকেটার তাঁর শরীরকে সব থেকে ভাল বুঝতে পারেন। অনেক ভেবে এক জন মহান ক্রিকেটার যিনি নিজের সেরাটা ইংল্যান্ড ক্রিকেটকে দিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়েছেন।"












Click it and Unblock the Notifications