Vijay Hazare Trophy: শামি থেকে বরুণ চক্রবর্তী, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিজয় হাজারে ট্রফিতে ফোকাসে কারা?
কয়েক মাস পরেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও দল নিয়ে প্রাথমিকভাবে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বর্তমানে ভারতীয় দল ব্যস্ত বর্ডার-গাভাসকর ট্রফি খেলছে। এদিকে শনিবার থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের আগে একদিনের ক্রিকেটে এই টুর্নামেন্টের দিকে নজর থাকবে নির্বাচকদের। বিজয় হাজারে ট্রফিতে কোন কোন ক্রিকেটারদের দিকে বেশি নজর রাখবেন নির্বাচকরা, সম্ভাব্য নামগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির(টি২০) পর এবার শনিবার থেকে শুরু হচ্ছে বোর্ডের একদিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। ভারতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার নিজ নিজ রাজ্যের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টে তাঁদের পারফরম্যান্সের উপরই অনেকটা নির্ভর করছে তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার বিষয়টি।

বোলারদের মধ্যে এই তালিকায় আছেন পাঞ্জাবের অর্শদীপ সিং, মধ্যপ্রদেশের আবেশ খান, বাংলার মুকেশ কুমার, উত্তরপ্রদেশের যশ দয়াল, রাজস্থানের খলিল আহমেদ। বুমরাহ এবং সিরাজের সঙ্গে তৃতীয় পেসার কে হবেন সেটা অনেকটাই ঠিক হতে পারে বিজয় হাজারে ট্রফিতেই।
এবার আসা যাক স্পিনারদের কথায়। জাদেজা দলে থাকলেও প্রয়োজন হবে রিস্ট স্পিনারের। এই ক্ষেত্রে নজরে থাকবেন তামিল স্পিনার বরুণ চক্রবর্তী। ওয়াশিংটন সুন্দর দলে আসায় নিজেকে প্রমাণ করতে হবে অক্ষর প্যাটেলকে। একইসঙ্গে দীর্ঘ রিহ্যাবের পর নিজেকে প্রমাণ করতে হবে কুলদীপ যাদবকেও।
ব্যাটিংয়ের ক্ষেত্রে ফোকাসে অবশ্যই শ্রেয়স আইয়ার। কারণ মিডল অর্ডারে দুই একটি স্থান নিয়েই পরীক্ষা নিরীক্ষা হতে পারে। ফলে শ্রেয়স আইয়ার ভালো ফল করলে তাঁর সুযোগ মিলতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। তার মধ্যে একটি ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর ২৩ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের ম্যাচ হতে পারে।












Click it and Unblock the Notifications