Vijay Hazare Trophy: দুরন্ত শতরান করে প্রথম ম্যাচেই নজর কাড়লেন শ্রেয়স, বরোদার হয়ে খেলবেন হার্দিক পাণ্ডিয়াও
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের আগে নির্বাচকদের নজরে শনিবার থেকে শুরু হওয়া বিজয় হাজারে ট্রফি। প্রথম ম্যাচেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করলেন শ্রেয়স আইয়ার। কর্ণাটকের বিরুদ্ধে দুরন্ত শতরান করে প্রথম দিনেই নির্বাচকদের নজর কাড়লেন শ্রেয়স।
শৃঙ্খলাজনিত ইস্যুতে বছরের শুরুতে ভারতীয় দল থেকে বাদ পড়েন। বিতর্ক জড়িয়ে ছিলেন আইয়ার। এরপর ভারতীয় দলে ফিরেছিলেন। এবার শ্রেয়সের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে জায়গা করে নেওয়া। এক সপ্তাহ হয়নি মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন করেছেন। সেই সাফল্যের রেশ কাটার আগেই শ্রেয়স আইয়ার জ্বলে উঠলেন বিজয় হাজারে ট্রফিতে।

শনিবার আমদাবাদে বিজয় হাজারে ট্রফির এলিট-সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় মুম্বই ও কর্ণাটক। টস জিতে কর্ণাটকের ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল শুরুতে ব্যাট করতে পাঠান মুম্বইকে। ব্যাট হাতে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন প্রাক্তন নাইট অধিনায়ক। শ্রেয়স ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৩১ বলে অর্ধশতরান করে ফেলেন। সেঞ্চুরি করলেন মাত্র ৫০ বলে। শতরান করার পথে ৫টি চার ও ৯টি ছক্কা মারেন। শেষমেশ ৫টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স।
এই ইনিংসের মধ্য দিয়ে শ্রেয়স ফের একবার নিজেকে প্রমাণ করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের আগে একদিনের ক্রিকেটে এই টুর্নামেন্টের দিকে নজর থাকবে নির্বাচকদের। বিজয় হাজারে ট্রফিতে কোন কোন ক্রিকেটারদের দিকে বেশি নজর রাখবেন নির্বাচকরা। ব্যাটিংয়ের ক্ষেত্রে ফোকাসে অবশ্যই শ্রেয়স আইয়ার। কারণ মিডল অর্ডারে দুই একটি স্থান নিয়েই পরীক্ষা নিরীক্ষা হতে পারে। ফলে শ্রেয়স আইয়ার ভালো ফল করলে তাঁর সুযোগ মিলতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
এদিকে বল হাতে জ্বলে উঠলেন আবেশ খান। মধ্যপ্রদেশের হয়ে বিহারের বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নিলেন। বুমরাহ, সিরাজের পর তৃতীয় পেসার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে খেলবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বিজয় হাজারে ট্রফির নকআউট ম্যাচে খেলবেন। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) ঘোষণা করা হয়েছে, বরোদা দল বিজয় হাজারে ট্রফির নক আউটে উঠলে তখন দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক পাণ্ডিয়া।
বিসিসিআই এবং অজিত আগরকারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিটি জোর দিয়েছে যে জাতীয় দলের খেলোয়াড়দের অবশ্যই ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে যদি তাঁদের চোট বা পারিবারিক কারণ না থাকে।। পাণ্ডিয়া মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন, যেখানে বরোদা সেমিফাইনালে পৌঁছেছিল। সাত ম্যাচে তিনি ২৪৬ রান করেন এবং ছয় উইকেট নেন।












Click it and Unblock the Notifications