Vijay Hazare Trophy: সঞ্জু স্যামসন বাদ পড়লেন কেরল দল থেকে, শৃঙ্খলাজনিত কারণেই বড় পদক্ষেপ?
Vijay Hazare Trophy: পৃথ্বী শ-র মুম্বই দল থেকে বাদ পড়া নিয়ে শোরগোলের মধ্যেই এবার আরেকটি চমকপ্রদ ঘটনা। কেরল দলে ঠাঁই হলো না সঞ্জু স্যামসনের।
শৃঙ্খলাজনিত কারণেই সঞ্জুকে বাইরে রেখে কেরল দল ঘোষণা করা হয়েছে। ফলে বিজয় হাজারে ট্রফিতে দেখা যাবে না স্যামসনকে। যা বাংলা-সহ প্রতিপক্ষ দলগুলির কাছে স্বস্তির খবর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে সঞ্জু ডারবান ও জোহানেসবার্গে শতরান হাঁকিয়েছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেন। সার্ভিসেসের বিরুদ্ধে করেন ৭৫। মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৯, মুম্বই ম্যাচে ৪, গোয়ার বিরুদ্ধে ৩১ ও অন্ধ্রের বিরুদ্ধে ৭ রান করেন সঞ্জু।
বিজয় হাজারে ট্রফির জন্য কেরল তিন দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল। সম্ভাব্য দলে থাকা ৩০ জন ক্রিকেটারকে ওয়েনাড়ের কৃষ্ণগিরি স্টেডিয়ামে চলা শিবিরে ডাকা হলেও যোগ দেননি সঞ্জু। তার জেরেই বড় পদক্ষেপ কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের।
কৃষ্ণগিরি স্টেডিয়ামে কেরল দুটি প্রস্তুতি ম্যাচও খেলে। তারপর গতকাল বিকেলে চূড়ান্ত করা হয়েছে ১৯ সদস্যের দল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে কেসিএ সচিব বিনোদ এস কুমার বলেন, সঞ্জু ই-মেল পাঠিয়ে জানিয়েছিলেন তিনি শিবিরে থাকতে পারবেন না। ফলে তাঁকে ছাড়াই শিবির চলেছে।
কেসিএ কর্তার কথায়, শিবিরে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বাছাই হয়েছে। এ বিষয়ে সঞ্জুর সঙ্গে আর কথাও হয়নি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া সচিন বেবিও খেলবেন না বিজয় হাজারে ট্রফিতে।
সঞ্জুর অনুপস্থিতিতে কেরলকে নেতৃত্ব দেবেন সলমন নিজার। কেরল রয়েছে গ্রুপ ই-তে। ২৩ ডিসেম্বর প্রথম ম্যাচে কেরল খেলবে বরোদার বিরুদ্ধে। এরপর ২৬ ডিসেম্বর মধ্যপ্রদেশ, ২৮ ডিসেম্বর দিল্লি ও ৩১ ডিসেম্বর বাংলা, ৩ জানুয়ারি ত্রিপুরা ও ৫ জানুয়ারি বিহারের মুখোমুখি হবে কেরল।












Click it and Unblock the Notifications