Vijay Hazare Trophy: রজত পাটীদারের অপরাজিত শতরান, বিজয় হাজারে ট্রফিতে বাংলাকে হারাল মধ্যপ্রদেশ
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফিতে বাংলার নক-আউট পর্বে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল বিহারকে হারিয়েই। গ্রুপ পর্বের শেষ ম্য়াচে অবশ্য মধ্যপ্রদেশের কাছে হারল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।
হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি এক রানের জন্য শতরান হাতছাড়া করলেও মধ্যপ্রদেশের অধিনায়ক রজত পাটীদার হাঁকালেন সেঞ্চুরি।

টস জিতে মধ্যপ্রদেশ বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে বাংলা তোলে ৭ উইকেটে ২৬৯ রান। ওপেন করতে নেমে ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১২৫ বলে ৯৯ রান করেন সুদীপ। তিনে নামা সুদীপ চট্টোপাধ্যায় ৫৭ বলে ৪৭ রান করেন।
আট নম্বরে ব্যাট করতে নেমে মহম্মদ শামি ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন, মেরেছেন পাঁচটি চার ও ১টি ছয়। অভিষেক পোড়েল ৯, অনুষ্টুপ মজুমদার ১৫, সুমন্ত গুপ্ত ৩, করণ লাল ১৫, প্রদীপ্ত প্রামাণিক ৫ রান করে আউট হন। ২১ বলে ২০ রানে অপরাজিত থাকেন কৌশিক মাইতি।
আরিয়ান পাণ্ডে ১০ ওভারে ৪০ ও আবেশ খান ১০ ওভারে ৬২ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। সারাংশ জৈন ও সাগর সোলাঙ্কি পেয়েছেন ১টি করে উইকেট। বেঙ্কটেশ আইয়ার ২ ওভার হাত ঘোরান,১৪ রান খরচ করে কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ২২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ। ৪৬.২ ওভারে তারা তোলে ৪ উইকেটে ২৭১। চারে নেমে রজত পাটীদার ১৩৭ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন। ৮টি চার ও ১টি ছয় মেরেছেন।
এক রানের জন্য শতরান হাতছাড়া করেন শুভম শর্মা। তিনি ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৪ বলে ৯৯ রান করেন। মধ্যপ্রদেশ প্রথম বলেই উইকেট হারিয়েছিল। ১.৪ ওভারে ২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সেখান থেকে শুভম ও রজত ১৮৫ রানের পার্টনারশিপ গড়েন তৃতীয় উইকেট জুটিতে। শুভ্রাংশু সেনাপতি ২৫ রান করেন। বেঙ্কটেশ আইয়ার ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
প্রথম বলে হর্ষ গাউলি মহম্মদ শামির শিকার হন, উইকেটকিপার পোড়েলের হাতে ক্যাচ দিয়ে। শামি ৮ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেটই পেয়েছেন। ৯.২ ওভারে ৫৮ রান খরচ করে সায়ন ঘোষ পান ২ উইকেট। কণিষ্ক শেঠ ৯ ওভারে ৬৮ রান খরচ করে পান ১টি উইকেট।
এই ম্যাচে হারায় বাংলা ই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ পর্বের অভিযান শেষ করতে পারল না। বাংলা এবারের টুর্নামেন্টে এই প্রথম কোনও ম্যাচে হারল। ৬ ম্য়াচে সুদীপের দলের ঝুলিতে ১৮ পয়েন্ট। শীর্ষে থাকা বরোদার ৬ ম্যাচে ২০ পয়েন্ট। মধ্যপ্রদেশ তিনে, ৬ ম্যাচে তাদের রয়েছে ১৪ পয়েন্ট। নক আউট পর্বের খেলাগুলি হবে ভদোদরায়।












Click it and Unblock the Notifications