VHT: রাহুল নিলেন ছুটি, বাংলা পাচ্ছে অভিমন্যুকে, অস্ট্রেলিয়া-ফেরত কারা খেলবেন বিজয় হাজারে ট্রফিতে?
Vijay Hazare Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নজর কাড়ার সুযোগ হাতছাড়া করলেন লোকেশ রাহুল। তিনি অস্ট্রেলিয়া সফরের শেষেই কিছুদিনের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
রাহুলের স্ত্রী আথিয়া সন্তানসম্ভবা। সে কারণেই রাহুল ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়া-ফেরত অনেকেই নেমে পড়বেন বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বের ম্যাচ খেলতে।

বাংলা কাল হরিয়ানার বিরুদ্ধে খেলবে প্রি-কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে খেলতে পারবেন অভিমন্যু ঈশ্বরণ। অভিমন্যু অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্ট দলে থাকলেও অভিষেক হয়নি। তিনি আজ থেকেই ভদোদরায় বাংলা দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আজই ভারতের সিংহভাগ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দেশে ফেরার বিমান ধরেছেন। তবে অনুমতি নিয়ে গতকালই ফিরেছেন অভিমন্যু। তাঁর টিকিটের বন্দোবস্ত করেছে সিএবি। পিঠে চোটের কারণে সিডনি টেস্টে ভারত আকাশ দীপকে পায়নি। আকাশ এখনও পুরো ফিট নন। তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারবেন না। বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সে যেতে বলা হয়েছে আকাশকে।
দেবদত্ত পাড়িক্কল ও প্রসিদ্ধ কৃষ্ণ অবশ্য দেশে ফিরেই বিজয় হাজারে ট্রফিতে নেমে পড়বেন। তাঁরা ১০ জানুয়ারির আগেই ভদোদরায় কর্ণাটক দলের সঙ্গে যোগ দেবেন। ১১ জানুয়ারি কোয়ার্টার ফাইনালে বরোদার সঙ্গে খেলা রয়েছে কর্ণাটকের। জানা যাচ্ছে, ওয়াশিংটন সুন্দর তামিলনাড়ু যদি সেমিফাইনালে ওঠে, তবে সেই ম্যাচ থেকে খেলবেন।
এই ক্রিকেটাররা ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। টেস্ট দলে ডাক পান অভিমন্যু। রোহিত শর্মা পারথ টেস্টে ছিলেন না। পাড়িক্কল সেই টেস্টে খেললেও পরে আর সুযোগ পাননি। প্রসিদ্ধকে ভারত সিডনি টেস্টে খেলায়। দুই ইনিংসে স্টিভ স্মিথকে ফেরানো-সহ মোট ৬টি উইকেট নেন তিনি।
প্রসিদ্ধ ও পাড়িক্কল ভারতীয় এ দলের হয়েও সাফল্য পেয়েছিলেন। অভিমন্যু অবশ্য দুটি ম্যাচে রান পাননি। সে কারণেই তাঁর টেস্ট অভিষেকও হয়নি। সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহ মাঠ ছাড়ার পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করেন অভিমন্যু।
এই ক্রিকেটারদের মধ্যে ভারতের সাদা বলের দলে জায়গা করে নিতে পারেন প্রসিদ্ধই। তিনি অস্ট্রেলিয়ায় ভালো বোলিং করেছেন। জসপ্রীত বুমরাহ, আকাশ দীপের চোট। মহম্মদ শামির ফিটনেস নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রসিদ্ধ থাকেন কিনা সেটাই দেখার। হেড কোচ গৌতম গম্ভীরও সাফ বার্তা দিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলার। সে কারণে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলের কয়েকজন নেমে পড়ছেন বিজয় হাজারে ট্রফিতে।












Click it and Unblock the Notifications