Vijay Hazare Trophy: ৫০ ওভারের ফরম্যাটে ফিরে ব্যাট হাতে ব্যর্থ হার্দিক, বরোদাকে হারাতে বাংলার চাই ২২৯
Vijay Hazare Trophy: বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর আজই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামলেন হার্দিক পাণ্ডিয়া। বিজয় হাজারে ট্রফির প্রথম ২টি ম্যাচে তিনি খেলেননি।
তবে প্রত্যাবর্তন মোটেই সুখকর হলো না হার্দিকের। ভারতের ওডিআই দলে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে মুখিয়ে হার্দিক।

আজ হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বরোদার বিরুদ্ধে খেলছে বাংলা। টস জিতে বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ফিল্ডিং নেন। ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা ৪৮.৫ ওভারে ২২৮ রানে অল আউট হয়ে গিয়েছে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক-আউটে বরোদার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল বাংলাকে। আজ তাই বাংলার সামনে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। এক বছরেরও বেশি সময় পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরে হার্দিক ব্যাট করতে নেমেছিলেন পাঁচ নম্বরে।
প্রদীপ্ত প্রামাণিকের শিকার হলেন হার্দিক, ২ বলে মাত্র ১ রান করে। ওপেনার শাশ্বত রাওয়াত ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১১ বলে ৯৫ রান করে রান আউট হয়ে যান। ভানু পানিয়া ৪২, নিনাদ রাথভা ২৮ ও উইকেটকিপার বিষ্ণু সোলাঙ্কি ২০ রান করেন। অধিনায়ক ক্রুণাল ৮ বলে ৩ রান করেন।
বাংলার সফলতম বোলার প্রদীপ্ত প্রামাণিক। ১০ ওভারে ২৫ রান দিয়ে তিনি তিন উইকেট নিয়েছেন, পাণ্ডিয়া ভাইরা তাঁরই শিকার। সাত ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন সায়ন ঘোষ। ৮.৫ ওভারে ২টি মেডেন-সহ ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। ৮ ওভারে ৪৬ রান খরচ করে ১টি উইকেট পেয়েছেন কৌশিক মাইতি।












Click it and Unblock the Notifications