Vijay Hazare Trophy: অনুষ্টুপের অপরাজিত শতরান! পাঞ্জাবকে চূর্ণ করে বিজয় হাজারে ট্রফির নক আউটে বাংলা
Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। আজ থানেতে পাঞ্জাবকে ৫২ রানে হারানোয় ৬ ম্যাচে বাংলার পয়েন্ট হয় ২০।
বাংলার ব্যাটিং বিপর্যয় সামলে অপরাজিত শতরান করেন অনুষ্টুপ মজুমদার। করণ লালের ব্যাট থেকে এসেছে দায়িত্বশীল অর্ধশতরান। তাঁদের জুটিই বাংলার জয়ের ভিত গড়ে।

টস জিতে পাঞ্জাব ফিল্ডিং নিয়েছিল। প্রথম বলেই শাকির হাবিব গান্ধী গোল্ডেন ডাক নিয়ে ফেরেন, সিদ্ধার্থ কৌলের শিকার হয়ে। ৯.২ ওভারে ৩৭ রানের মাথায় অভিষেক পোড়েল আউট হন ২১ বলে ৯ রান করে। ১১তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে অধিনায়ক সুদীপ ঘরামি (৩৫ বলে ২৬) ও কৌশিক মাইতি (১ বলে ০) রান করে বলতেজ সিংয়ের শিকার হন।
ফলে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৯। ৭৪ রানে পঞ্চম ও ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলা। শাহবাজ আহমেদ ৪৪ বলে ১৬ ও ঋত্ত্বিক রায়চৌধুরী ১৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। ২৭ ওভারে ৬ উইকেটে ৮৫, এই সময় অনুষ্টুপের সঙ্গী হন করণ লাল। করণ যখন আউট হন বাংলা তখন ২৩০ রানে পৌঁছে গিয়েছে।
৪৯তম ওভারের তৃতীয়, পঞ্চম ও শেষ বলে তিনটি উইকেট নেন বলতেজ। ফলে ২৩০ রানেই এই তিন উইকেট পড়ে। করণ সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬৩ বলে ৬৬, প্রদীপ্ত প্রামাণিক ২ বলে ০ ও আকাশ দীপ ১ বলে ০ রানে আউট হন। ১০টি চারের সাহায্যে চারে নামা অনুষ্টুপ ১১৬ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন।
বাংলা ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ২৪২। ২টি মেডেন-সহ ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন বলতেজ সিং। জবাবে খেলতে নেমে পাঞ্জাব ২৪.১ ওভারে ১৯০ রানে অল আউট হয়ে যায়। সানবীর সিং ৩৫, প্রভসিমরণ সিং ৩১, অধিনায়ক মনদীপ সিং ২৭ ও সিদ্ধার্থ কৌল ২৩ রান করেন। অভিষেক ম্যাচে ৪.১ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন কৌশিক মাইতি।
শাহবাজ আহমেদ ১০ ওভারে ৫৩ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট ঝুলিতে পোরেন প্রদীপ্ত প্রামাণিক। একই গ্রুপে বাংলার মতো তামিলনাড়ুরও পয়েন্ট ৬ ম্যাচে ২০। তামিলনাড়ুকে (০.৯৪৪) নেট রান রেটে পিছনে ফেলে দেয় লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা (২.১০০)। তবে তামিলনাড়ুর কাছে হারার ফলে বাংলাকে খেলতে হবে প্রি কোয়ার্টার ফাইনাল।












Click it and Unblock the Notifications