Vijay Hazare Trophy 2023: বিজয় হাজারে ট্রফিতে বাংলাকে কেন খেলতে হবে প্রি-কোয়ার্টার ফাইনাল? প্রতিপক্ষ গুজরাত
Vijay Hazare Trophy 2023: বিজয় হাজারে ট্রফির ম্যাচে আজ পাঞ্জাবকে হারিয়ে নক আউট পর্বের ছাড়পত্র পেয়ে গিয়েছে বাংলা। তবে বাংলাকে খেলতে হবে প্রি-কোয়ার্টার ফাইনালে।
ই গ্রুপে বাংলার সঙ্গে তামিলনাড়ুও ২০ পয়েন্টে শেষ করেছে। নেট রান রেটে টেক্কা দিলেও যেহেতু সুদীপ ঘরামির দল তামিলনাড়ুর কাছে হেরেছিল সে কারণেই শেষ আটে সরাসরি যাওয়া হলো না বাংলার।

বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বের খেলাগুলি হবে রাজকোটে। শনিবার বাংলার প্রতিপক্ষ গুজরাত। আজ গুজরাত হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২৭ রান করার পর জিতেছে ৮ রানে। শনিবারই অপর প্রি কোয়ার্টার ফাইনালে কেরলের মুখোমুখি হবে মহারাষ্ট্র।
তামিলনাড়ু গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নাগাল্যান্ডকে ৬৯ রানে অল আউট করে ৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ২৫৩ বল বাকি থাকতে তারা ম্যাচ জিতেছে ১০ উইকেটে। এত বড় জয় ছিনিয়েও বাংলাকে তামিলনাড়ু নেট রান রেটে টেক্কা দিতে পারেনি।
মহারাষ্ট্র আজ ৬ উইকেটে ৪২৭ রান তুলে মণিপুরকে হারিয়েছে ১৬৭ রানে। তিনে নেমে অঙ্কিত বাওনে ১০৫ বলে ১৬৭ রান করেছিলেন। রেলওয়েজ ১৮ রানে হারিয়েছে কেরলকে। যুবরাজ সিং রেলওয়েজের হয়ে ১৩৬ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন। জবাবে খেলতে নেমে কেরল ৮ উইকেটে ২৩৭ রান তুলেছে। অধিনায়ক সঞ্জু স্যামসন ১৩৯ বলে ১২৮ রান করেছেন।
শেষ আটে ওঠার লড়াইয়ে বাংলাকে যেমন খেলতে হবে গুজরাতের বিরুদ্ধে, তেমনই কেরল খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। ১১ ডিসেম্বর হবে চারটি কোয়ার্টার ফাইনাল। তার মধ্যে হরিয়ানা ও রাজস্থানের প্রতিপক্ষ হবে প্রি-কোয়ার্টার থেকে জিতে আসা ২ দল। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বিদর্ভ খেলবে কর্নাটকের বিরুদ্ধে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের সামনে তামিলনাড়ু।
১৩ ও ১৪ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল। দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে। ১৬ ডিসেম্বর রয়েছে ফাইনাল।












Click it and Unblock the Notifications