BCCI Media Rights: ডিজনি-স্টার, সোনিকে পিছনে ফেলে বাজিমাত ভায়াকম ১৮-র, ভারতের খেলা দেখাবে আম্বানির চ্যানেল
BCCI Media Rights: ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারের দায়িত্বে এবার ভায়াকম ১৮। বিসিসিআই মিডিয়া রাইটসের ই-অকশনে ডিজনি-স্টার ও সোনি স্পোর্টসকে পিছনে ফেলে দিল মুকেশ আম্বানির চ্যানেল।
বিশ্বকাপের আগে আগামী মাসেই ২২, ২৪ ও ২৭ তারিখ ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে। এই সিরিজ সম্প্রচার দিয়েই নতুন অভিযান শুরু করছে ভায়াকম ১৮।

আইপিএল এবং উইমেন্স প্রিমিয়ার লিগ টি ২০-র স্বত্ত্ব রেকর্ড দরে বিক্রি হওয়ার পর বিসিসিআই মিডিয়া রাইটস যে দরে বিক্রি হলো তাতে সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেটকে পৌঁছে দিতে যে প্রশংসনীয় ভূমিকা বিদায়ী সম্প্রচারকারী সংস্থা ডিজনি-স্টার পালন করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন বোর্ড সচিব।
জানা যাচ্ছে, বিসিসিআইয়ের মিডিয়া রাইটস প্রায় ৬ হাজার কোটি টাকার বিনিময়ে কিনেছে ভায়াকম ১৮। ডিজিটাল রাইটসের জন্য দেবে ৩১০১ কোটি টাকা, অর্ষাৎ ম্যাচপিছু ৩৫.২৩ কোটি টাকা। টিভি স্বত্ত্বের জন্য দেবে ২৮৬২ কোটি টাকা, যা ম্যাচপিছু ৩২.৫২ কোটি টাকা। ভায়াকম ১৮-র স্পোর্টস চ্যানেলের নাম স্পোর্টস ১৮, এ ছাড়াও খেলা সম্প্রচারিত হবে জিও সিনেমায়। ম্যাচপিছু বোর্ডের কোষাগারে আসবে ৬৭.৭৬ কোটি টাকা।

নতুন চুক্তিতে ম্যাচপিছু টাকার অঙ্ক আগের চুক্তির চেয়ে ৭.৭৬ কোটি টাকা বেশি। বিসিসিআই চাইছিল ম্যাচপিছু টাকার অঙ্ক যেন ৬০ কোটির বেশি থাকে। স্টার ইন্ডিয়ার শীর্ষপদে থাকাকালীন সম্প্রচার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন উদয় শংকর। স্টার ইন্ডিয়া ছেড়ে তিনি যোগ দেন মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভায়াকম ১৮-তে।
Congratulations @viacom18 🤝 for winning the @BCCI Media Rights for both linear and digital for the next 5 years. India Cricket will continue to grow in both spaces as after @IPL, and @wplt20, we extend the partnership @BCCI Media Rights as well. Together we will continue to…
— Jay Shah (@JayShah) August 31, 2023
আরেকটি উল্লেখযোগ্য দিক, বিসিসিআই মিডিয়া রাইটসে টিভি স্বত্ত্বের চেয়ে ডিজিটাল স্বত্ত্বের দর বেশি উঠল। আইপিএলের ডিজিটাল রাইটস ২৬ হাজার কোটি টাকার বিনিময়ে আগেই কিনেছে ভায়াকম ১৮। আগামী পাঁচ বছরে ভারত দেশের মাটিতে ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ২৫টি টেস্ট, ২৭টি ওডিআই ও ৩৬টি টি ২০ আন্তর্জাতিক।
আগের যে চুক্তি ছিল তাতে ম্যাচের সংখ্যা ছিল ১০২টি, সেজন্য ডিজনি-স্টার দিয়েছে ৬১৩৮ কোটি টাকা। ফলে সেই নিরিখে বোর্ড এবার ১৭৫ কোটি টাকা কম পাবে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ও গুরুত্বপূর্ণ টেস্টে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ থাকে বেশি। আগামী পাঁচ বছরে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১টি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮টি ম্যাচ খেলবে।












Click it and Unblock the Notifications