Vijay Hazare Trophy: করুণের ব্যাটিং গড় ৭৫২! মহারাষ্ট্রকে হারিয়ে ফাইনালে কর্ণাটকের সামনে বিদর্ভ
Vijay Hazare Trophy: ৭৫২! বিজয় হাজারে ট্রফির ফাইনালে এই ব্যাটিং গড় নিয়েই ব্যাট করতে নামবেন বিদর্ভের অধিনায়ক করুণ নায়ার। প্রতিপক্ষ তাঁর পুরানো দল কর্ণাটক।
করুণ ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের অধিনায়কত্ব করেছেন। বর্তমানে তিনি বিদর্ভের অধিনায়ক। চলতি বিজয় হাজারে ট্রফিতে তাঁর যা পারফরম্যান্স তাতে ভারতীয় দলে প্রত্যাবর্তনেরও জোরালো সম্ভাবনা।

আজ ভদোদরায় মহারাষ্ট্রকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল বিদর্ভ। কোটাম্বি স্টেডিয়ামে টস জিতে মহারাষ্ট্র ফিল্ডিং নিয়েছিল। বিদর্ভ ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮০ রান তোলে। ওপেনিং জুটিতে ওঠে ৩৪.৪ ওভারে ২২৪। দুই ওপেনারই শতরান পেলেন।
ধ্রুব শোরে ১৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২০ বলে ১১৪ রান করেন। যশ রাঠোড় ১০১ বলে ১১৬ রান করেন, তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার ও ১টি ওভার বাউন্ডারি। তিনে নেমে করুণ নায়ার ১২ রানের জন্য শতরান হাতছাড়া করেন।
করুণ ৯টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৮৮ রান করেন। এবারের বিজয় হাজারে ট্রফিতে তাঁর পাঁচটি শতরান। আজ সেঞ্চুরি পেলে টানা ৫ ইনিংসে তিনি শতরান হাঁকাতেন। ৮ ম্যাচে ৭ ইনিংসে তাঁর নামের পাশে ৭৫২ রান। গড় ৭৫২। ৫টি সেঞ্চুরির পর আজ অর্ধশতরান পেলেন। টানা ৫ ইনিংসে তিনি পঞ্চাশোর্ধ্ব রান করলেন।
এবারের বিজয় হাজারে ট্রফিতে করুণ জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে অপরাজিত ১১২ করেছিলেন। শতরান হাঁকান চণ্ডীগড় (অপরাজিত ১৬৩), তামিলনাড়ু (অপরাজিত ১১১), উত্তরপ্রদেশ (১১২) ও রাজস্থানের (অপরাজিত ১২২) বিরুদ্ধে।
আজ করণের পাশাপাশি অর্ধশতরান করেন জিতেশ শর্মা। চারে নেমে তিনি ৩৩ বলে ৫১ রান করেন। মুকেশ চৌধুরী ৯ ওভারে ৮০ রান দিয়ে ২টি উইকেট পান। জবাবে খেলতে নেমে ৭ উইকেটে ৩১১ রানের বেশি যেতে পারেনি মহারাষ্ট্র।
মহারাষ্ট্রের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ১৩ বলে ৭ রান করেন। তাঁর ওপেনিং পার্টনার আরশিন কুলকার্নি ১০১ বলে সর্বাধিক ৯০ রান করেন। রাহুল ত্রিপাঠী করেন ২৭। অঙ্কিত বাওনে ৫০ রান করেন। উইকেটকিপার নিখিল নায়েক অপরাজিত থাকেন ৪৯ রানে। দর্শন নালকণ্ডে ও নচিকেন ভুতে তিনটি করে উইকেট দখল করেন। শনিবার বিজয় হাজারে ট্রফির ফাইনাল।
বিজয় হাজারে ট্রফিতে এ বছর সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন করুণ। দ্বিতীয় স্থানে ময়াঙ্ক আগরওয়াল। কর্ণাটকের ময়াঙ্ক ৯টি ম্যাচে ৬১৯ রান করেছেন। চারটি শতরান ও ১টি অর্ধশতরানের সৌজন্যে।












Click it and Unblock the Notifications