Venkatesh Iyer: ভারতীয় দলে কি ফেরাবে লেডি লাক? শ্রুতির সঙ্গে বাগদান সারা কেকেআর তারকা ভেঙ্কটেশের
Venkatesh Iyer: বিশ্বকাপ শেষ হতেই আনুষ্ঠানিকভাবে বাগদানের কথা জনসমক্ষে আনলেন ভেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার গত বছরের পর থেকে ভারতীয় দলে সুযোগ পাননি।
আগামী বছর রয়েছে টি ২০ বিশ্বকাপ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে জায়গা পাননি আইয়ার। তারই মধ্যে চর্চা শুরু হলো আইয়ারকে ভারতীয় দলে কি ফেরাতে সহায়ক হবে লেডি লাক?

ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) আজ ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে নিজের বাগদানের কথা জানিয়েছেন। জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশের কথা উল্লেখ করেছেন সংক্ষিপ্ত বার্তায়। তবে আইপিএলের আগেই বিয়েটা সেরে ফেলবেন কিনা তা স্পষ্ট করেননি। জানা গিয়েছে, শ্রুতি রঘুনাথনের সঙ্গে বাগদান হয়েছে আইয়ারের।
শ্রুতি সম্পর্কে বিস্তারিত তথ্য় এখনও পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পিএসজি কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বি. কমে স্নাতক হওয়ার পর এনআইএফটি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। বেঙ্গালুরুতে লাইফস্টাইল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে তিনি কর্মরতা বলে জানা যাচ্ছে।
কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ভেঙ্কটেশ ও শ্রুতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। যুজবেন্দ্র চাহাল-সহ ভারতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন। ভেঙ্কটেশ যে পোশাক পরে রয়েছে তার নিরিখে আন্দাজ করা যাচ্ছে, ঘোষণা আজ করলেও বাগদান সম্ভবত কিছুদিন আগেই সেরেছেন ভেঙ্কটেশ।
কেন না, যে পাঞ্জাবি পরে আজ শ্রুতির সঙ্গে নিজের ছবি তিনি পোস্ট করেছেন সেই পাঞ্জাবি পরা ছবি দিয়েই সপ্তাহখানেক আগে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিলেন কেকেআর তারকা। ভেঙ্কটেশ আইয়ার সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে দিল্লির বিরুদ্ধে ২, কর্নাটকের বিরুদ্ধে ১৩, ত্রিপুরার বিরুদ্ধে অপরাজিত ৪৩, তামিলনাড়ু ম্যাচে অপরাজিত ২৯ ও উত্তরপ্রদেশের বিরুদ্ধে অপরাজিত ৩৫ রান করেন। উইকেট পাননি কোনও ম্যাচেই।
ভারতের হয়ে শেষবার ওডিআই খেলেছেন গত বছর পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত বছরই ধরমশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার দেশের হয়ে টি ২০ খেলেছেন। ২টি ওডিআইয়ে ২৪ রান করেছেন। ৯টি টি ২০ আন্তর্জাতিকে ১৩৩ রান রয়েছে। টি ২০ আন্তর্জাতিকে ৫টি উইকেটও রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications