IPL 2021: ফের ব্যর্থ মর্গ্যান! ভেঙ্কটেশ-রাহুলের ব্যাটে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় কেকেআর

আইপিএলের শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জেতার জন্য পাঞ্জাব কিংসের টার্গেট ১৬৬ রান। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে কেকেআর। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় অর্ধশতরানের মাধ্যমে নাইটদের মধ্যে এই ম্যাচে সর্বাধিক ৬৭ রান করলেন ভেঙ্কটেশ আইয়ার। রাহুল ত্রিপাঠি ৩৪ ও নীতীশ রানা ৩১ রান করেন। অর্শদীপ সিং তিনটি এবং রবি বিষ্ণোই দুটি উইকেট দখল করেন।

পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় কেকেআর

তবে ফের চূড়ান্ত ব্যর্থ নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। এদিন ২ বলে ২ রান করে মহম্মদ শামির বলে লেগ বিফোর হলেন তিনি। আইপিএলের দ্বিতীয়ার্ধে আরসিবি ম্যাচে তাঁকে ব্যাট করতে হয়নি। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শূন্য রানে আউট হন কেকেআর তথা ইংল্যান্ড অধিনায়ক। তাঁর এই ফর্ম টি ২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডকেও দুশ্চিন্তায় রাখবে। মর্গ্যান নিজেও তাঁর ফর্ম নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন।

আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন বাইরে। খেলানো হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও। এই পরিস্থিতিতে অধিনায়কের উপরও চাপ বাড়ছে টানা ব্যর্থতার জন্য। ক্যাপ্টেন হিসেবে তাঁর ব্যর্থতা ও দলে জায়গা ধরে রাখা বিরক্তি বাড়াচ্ছে নাইট ভক্তদেরও। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। দল ও নিজের খারাপ ফর্মের জেরে অধিনায়কত্ব হারান, পরে দল থেকেও বাদ পড়েছেন। কেকেআর শেষ চারে উঠলেও মর্গ্যানের জন্য কী অপেক্ষা করে রয়েছে তা স্পষ্ট নয়। আইপিএল চলাকালীন অধিনায়ক বদলের নজির অবশ্য কেকেআরে রয়েছে।

এদিন তৃতীয় ওভারে দলের ১৮ রানের মাথায় শুভমান গিল ৭ বলে ৭ রান করে অর্শদীপ সিংয়ের বলে বোল্ড হন। এরপর বড় পার্টনারশিপ গড়েন রাহুল ত্রিপাঠি ও ভেঙ্কটেশ আইয়ার। ১১.৩ ওভারে ৯০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩৪ করেন রাহুল। ১৪.৪ ওভারে ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ভেঙ্কটেশ আইয়ার ৪৯ বলে ৬৭ রান করে রবি বিষ্ণোইয়ের বলে আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২০। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩১ রান করেন নীতীশ রানা। কেকেআরের হয়ে অভিষেক ম্যাচে টিম সেইফার্ট ২ রান করে মহম্মদ শামির দুরন্ত থ্রোয় রান আউট হন। ১১ বলে ১১ রান করে শেষ বলে আউট হন দীনেশ কার্তিক।

অর্শদীপ সিং ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। তাঁর স্যুইং ও নিয়ন্ত্রণের প্রশংসা করেছেন ইরফান পাঠান। নাথান এলিত ৪ ওভারে ৪৬ ও ফ্যাবিয়ান অ্যালন ৪ ওভারে ৩৮ রান খরচ করেন। রবি বিষ্ণোই ২২ রানে ২টি উইকেট দখল করেন। মহম্মদ শামি ডেথ ওভারে ভালো বোলিং-সহ ৪ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট পান। শেষ পাঁচ ওভারে কেকেআর ৪৪ রান তুলতে চার উইকেট হারায়। শেষ দুই ওভারে আসে মাত্র ১৪। অভিষেক আইয়ার বলেছেন, উইকেট স্লো ছিল। সেই অনুযায়ী ব্যাটিং করেছি। ব্যাটিং কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করে তিনি উপকৃত হয়েছেন বলেও জানান কেকেআরের ওপেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+