ICC T20I Rankings: শীর্ষস্থানের কাছাকাছি অভিষেক ও বরুণ, সূর্য, তিলকও প্রথম পাঁচে
ICC T20I Rankings: ইংল্যান্ডকে টি২০ আন্তর্জাতিক সিরিজে দাপট দেখিয়ে ৪-১ ব্যবধানে চূর্ণ করেছে ভারত। তার ইতিবাচক প্রভাব পড়ল আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে।
বিশ্বের ১ নম্বর ব্যাটার ও বোলার হওয়ার খুব কাছে পৌঁছে গেলেন অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী। প্রথম পাঁচে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মারাও।

অভিষেক মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। যার দৌলতে তিনি ব্যাটারদের তালিকায় ৩৮ ধাপ উঠে এসে দ্বিতীয় স্থানের দখলে নিলেন। এটিই তাঁর কেরিয়ারের সেরা রেটিং। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। হেডের রেটিং ৮৫৫, অভিষেকের ৮২৯।
অভিষেক দ্বিতীয় স্থানে উঠে আসায় তিনে নেমে গেলেন তিলক বর্মা (৮০৩)। এক ধাপ করে নেমে ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন যথাক্রমে চার ও পাঁচে। যশস্বী জয়সওয়াল রয়েছেন ১২ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে যুগ্ম দ্বিতীয় স্থানে বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি ১৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। এক ধাপ উঠে বোলারদের ক্রমতালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।
আকিলের রেটিং ৭০৭। এক ধাপ নেমে গিয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। রশিদ ও বরুণ- দুজনেরই রেটিং বর্তমানে ৭০৫। ফলে তাঁরা রয়েছেন যুগ্ম দ্বিতীয় স্থানে। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে বরুণ ছাড়া রয়েছেন আরও ২ জন।
রবি বিষ্ণোই চার ধাপ উঠে দখলে নিয়েছেন বোলারদের ক্রমতালিকার ষষ্ঠ স্থান। অর্শদীপ সিং এক ধাপ নেমে চলে গিয়েছেন নয়ে। আটে রশিদ খান। দুই ধাপ নেমে ত্রয়োদশ স্থানে চলে গিয়েছেন অক্ষর প্যাটেল।
ব্যাটারদের তালিকায় হ্যারি ব্রুক তিন ধাপ উঠে রয়েছেন ৪২-এ। তিনি চতুর্থ টি২০ আন্তর্জাতিকে ৫১ রান করেছিলেন। হার্দিক পাণ্ডিয়া ৫ ধাপ উঠে ৫১ নম্বরে রয়েছেন। রিঙ্কু সিং পাঁচ ধাপ উঠে রয়েছেন ৫৫ নম্বরে। ৩৮ ধাপ উঠে শিবম দুবে এখন টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ৫৮ নম্বর ব্যাটার। ছয় ধাপ উঠে বেন ডাকেট রয়েছেন ৬২-তে।
ইংল্যান্ডের সিম বোলার সাকিব মাহমুদ বোলারদের তালিকায় ২৮ ধাপ উঠে ৫৭ নম্বরে রয়েছেন। ৯ ধাপ উঠে মার্ক উড ৬০ এবং ৬২ ধাপ উঠে ব্রাইডন কার্স রয়েছেন ৬৬-তে। টেস্টে ব্যাটারদের মধ্যে তিন ধাপ উঠে পাঁচে চলে এলেন স্টিভ স্মিথ। উসমান খোয়াজা ৬ ধাপ উঠে রয়েছেন ১১ নম্বরে। অভিষেকেই শতরানকারী জশ ইনগ্লিস রয়েছেন ৮০ নম্বরে। টেস্টে বোলারদের মধ্যে ষষ্ঠ স্থানে নাথান লিয়ঁ।












Click it and Unblock the Notifications