Hardik Pandya: সাফল্য-ব্যর্থতা-বিচ্ছেদ, শেষ ৯ মাসে হার্দিকের জীবনের নাটকীয় নানা মোড়গুলি জেনে নিন
ভারতীয় ক্রিকেটে বর্ণময় চরিত্র হার্দিক পাণ্ডিয়া। সাফল্য এবং বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। খেলা এবং ব্যক্তিগত জীবনকে জড়িয়ে বিভিন্ন আলোচনা চলে সমাজ মাধ্যমে। শেষ নয় মাসে হার্দিকের জীবনের ঘটনাবলী ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও হার মানাবে। সাফল্য-ব্যর্থতা-বিতর্ক কি নেই! পেশাদার এবং পারিবারিক উভয়ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। আবার সাফল্যের স্বাদও পেয়েছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক হার্দিকের জীবনের শেষ নয় মাসের ঘটনাবলী।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দলে ছিলেন পাণ্ডিয়া। কিন্তু গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেই চোট পান হার্দিক, এরপর গোটা বিশ্বকাপের আর খেলা হয়নি তাঁর। এরপর আইপিএলে দল পরিবর্তন করে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন। তাঁর হাতেই দেওয়া হয় নেতৃ্ত্বের দায়িত্ব। কিন্তু আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে যেন ভিলেন হয়ে যান। রোহিতের জায়গায় তাঁকে মেনে নিতে পারেননি মুম্বইয়ে একাংশ, ফলে গ্যালারি থেকে বার বার বিদ্রুপ শুনতে হয়েছিল তাঁকে।

কিন্তু বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে ভিলেন থেকে নায়ক হলেন হার্দিক পাণ্ডিয়া। বিশেষ করে ফাইনাাল ম্যাচে। টি ২০ বিশ্বকাপ জয়ের পরে ভেঙে পড়েন হার্দিক। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তিনি কান্নায় ভিজলেন। জড়িয়ে ধরেন সেই রোহিতকেই, চোখের জল মুছিয়ে দেন রোহিত।
শেষ ছয় মাস ধরে তাঁর জীবনে চলছিল একটা ঝড়। ব্যক্তিগত হোক বা পেশাদার, একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে আসেন পাণ্ডিয়া। কিন্তু বিশ্বকাপ শেষেও বিতর্ক কমল না। রোহিতের পর তাঁরই টি২০ দলের অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু টি২০ নেতৃত্ব হার্দিক নয় পেলেন সূর্যকুমার।
বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত জীবনেের বড় সত্যিটা প্রকাশ করেই ফেললেন হার্দিক। কয়েকমাস ধরেই তাঁর বিবাহিত জীবন নিয়ে আলোচনা চলছিল। গত মার্চ মাসে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পাণ্ডিয়া পদবি সরিয়ে দেন নাতাশা। এমনকি হার্দিকের সঙ্গে তোলা সমস্ত ছবিও মুছে ফেলেন সার্বিয়ান মডেল।
২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক এবং নাতাশা। কোভিডের মাঝে বড় কোনও উৎসব করেননি। আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। সেই বছর ৩০ জুলাই জন্ম হয় অগস্ত্যের। পরে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের উৎসব করেন হার্দিক-নাতাশা। পরিবার, বন্ধু এবং পুত্র অগস্ত্যকে নিয়ে অনুষ্ঠান করেছিলেন তাঁরা। বিবাহবিচ্ছেদের ঘোষণার সঙ্গে পুত্রকে নিয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছেন নাতাশা।
হার্দিক-নাতাশ যৌথ বিবৃতিতে বলেন, '৪ বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ করা উভয়ের পক্ষেই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম।"
আগামী দিনে হার্দিকের জীবনের গতিপথ কোন দিকে যাবে, তার দিকে নজর থাকবে তাঁর ভক্তদের।












Click it and Unblock the Notifications