Vaibhav Suryavanshi: ৯ ছক্কায় সাজানো ইনিংস, অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করে ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী। বুধবার মাত্র ২০ বলে এই রেকর্ড করেছে সে। ১৪ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যান ৪০ ওভারের ম্যাচে ২৬৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে। ইনিংসে ৬টি চার এবং ৯টি বিশাল ছক্কা ছিল। মাত্র ৩১ বলে ৮৬ রান করে শতরান মিস করে ফিরতে হয় বৈভবকে।
এই ফর্ম্যাটে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি এখনও ঋষভ পন্থের দখলে। ২০১৬ সালে নেপালের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। বৈভব সূর্যবংশী এদিন ৯টি ছক্কা হাঁকিয়ে যুব একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভেঙেছে। এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মনদীপ সিং ৮টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন। বৈভবের সৌজন্যে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে এদিন ৪ উইকেটে হারিয়েছে।

বৈভব সূর্যবংশী পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল। সেই ইনিংস ভারতের দাপুটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় একদিনের ম্যাচেও সে ৩৪ বলে ৪৫ রানের আরও একটি ভালো ইনিংস খেলে। যদিও ভারত অল্পের জন্য ম্যাচটি জিততে পারেনি এবং ইংল্যান্ড ১ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায়।
সিরিজে এগিয়ে যাওয়ার জন্য ভারতের সামনে এদিন কঠিন রানের টার্গেট ছিল। তবে বৈভবের ব্যাটের আগুনে পুড়ে ছাই ইংরেজ বোলিং।
প্রথম তিনটি ম্যাচে ৪৮, ৪৫ এবং ৮৬ রানের ইনিংসের সুবাদে বৈভব এই সিরিজে অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। অনেকে বলছেন, মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় সিনিয়র দলে ঢুকে সকলের রেকর্ড ভেঙে দিতে মরিয়া হয়ে উঠেছে বৈভব। আর সেকারণেই একেরপর এক বিধ্বংসী ইনিংস খেলে চলেছে।












Click it and Unblock the Notifications