খোয়াজা-স্মিথ জুটিতে ভর করে বড় রানের দিকে অস্ট্রেলিয়া, আমেদাবাদে নিষ্প্রভ ভারতীয় বোলিং
আমেদাবাদ টেস্টে বড় রানের দিকেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা একটিও উইকেট ফেলতে পারেননি।
আমেদাবাদ টেস্টে বড় রানের দিকেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দুটি উইকেট পড়েছিল অজিদের। তাও প্রথম ঘণ্টায় কোনও উইকেট তুলতে পারেননি ভারতীয় বোলাররা। দ্বিতীয় সেশনেও একটিও উইকেট তুলতে পারল না ভারত। উসমান খোয়াজা ইতিমধ্যেই অর্ধশতরান হাঁকিয়েছেন। হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

বড় রানের দিকে অস্ট্রেলিয়া
মধ্যাহ্নভোজের বিরতিতে ২৯ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৭৫। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট যে আগের তিনটি টেস্টের তুলনায় একেবারেই আলাদা তা প্রমাণিত অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখেই। ভারত অধিনায়ক রোহিত শর্মা বারবার বোলিং পরিবর্তন করেও ভাঙতে পারছেন না অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট জুটি। ভারতীয় স্পিনারদের অবলীলায় সামলাচ্ছেন স্মিথ ও খোয়াজা। লাঞ্চের আগে শেষ ওভারে শ্রেয়স আইয়ারকে পর্যন্ত বল করতে ডাকেন রোহিত। চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৬২ ওভারে ২ উইকেটে ১৪৯ রান। খোয়াজা ৬৫ ও স্মিথ ৩৮ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম ধাক্কা দেন অশ্বিন
ভারতের উইকেটকিপার শ্রীকার ভরত ট্রাভিস হেডের লোপ্পা ক্যাচ মিস করেছিলেন উমেশ যাদবের বলে। সেই ক্যাচটি ধরতে পারলে হেড ৭ রানের মাথায় আউট হতে পারতেন। ষষ্ঠ ওভারেই ভারত অজি ইনিংসে প্রথম ধাক্কা দিতে পারতো। এ ছাড়াও কয়েকটি হাফ চান্স কাজে লাগাতে পারেননি ভরত। যার নিট ফল ভারতকে প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ১৬তম ওভার পর্যন্ত। ১৫.৩ ওভারে ট্রাভিস হেডকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। সাতটি চারের সাহায্যে হেড ৪৪ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। অজিদের ওপেনিং জুটিতে ওঠে ৬১ রান।
|
শামি ফেরান লাবুশেনকে
প্রথমদিকে ছন্দে না থাকলেও রোহিত শর্মা ২৩ ওভারে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বল না করিয়ে ডাকেন মহম্মদ শামিকে। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে এই ওভারের দ্বিতীয় বলেই বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেনকে বোল্ড করেন দেন শামি। ২০ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন লাবুশেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন হয় ৭২ রানের মাথায়। তারপর থেকে দলের ইনিংস টেনে নিয়ে যাচ্ছেন খোয়াজা। ১৪৬ বলে চলতি সিরিজের দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করেছেন অজি ওপেনার। তিনি মেরেছেন ১০টি চার। স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে তিনটি বাউন্ডারি। খোয়াজা ১৮০ বল ও স্মিথ ১২৯ বল খেলেছেন এখনও পর্যন্ত।

ভারতীয় বোলারদের হতাশাজনক পারফরম্যান্স
মহম্মদ শামি ২টি মেডেন-সহ ১১ ওভারে ৩১ রান দিয়ে এবং রবিচন্দ্রন অশ্বিন সাতটি মেডেন-সহ ১৮ ওভারে ২ রান দিয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেছেন। উমেশ যাদবের ১০ ওভারে ২টি মেডেন ৩৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা ২টি মেডেন-সহ ১৩ ওভারে ২৮ এবং অক্ষর প্যাটেল ২টি মেডেন-সহ ৯ ওভারে ১২ রান দিয়েছেন। অক্ষর চলতি সিরিজে একেবারেই চেনা ছন্দে নেই বল হাতে। নাগপুর টেস্টে দুই ইনিংসে ১টি উইকেট পেয়েছিলেন। দিল্লি ও ইন্দোর টেস্টে একটিও উইকেট দখল করতে পারেননি।












Click it and Unblock the Notifications