ঋষভ পন্থ চিকিৎসাধীন মুম্বইয়ের হাসপাতালে, বাইরে হাজির ঊর্বশীর কীর্তি কটাক্ষের মুখে
ঋষভ পন্থ ভর্তি হাসপাতালে। দেরাদুন থেকে তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য পরে পন্থকে লন্ডনেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ফের আসরে নেমে পড়লেন ঊর্বশী রাউতেলা।
|
ঊর্বশী নন, ঈশার সঙ্গে সম্পর্ক স্বীকার পন্থের
বলিউডেরএই অভিনেত্রীর সঙ্গে ২০১৮ সালে বিভিন্ন জায়গায় ঋষভ পন্থকে দেখা গিয়েছিল। তখন দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও ২০১৯ সাল নাগাদ ঋষভ পন্থ যাবতীয় জল্পনা উড়িয়ে স্পষ্ট করে দেন, তিনি ঈশা নেগির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এরপর পন্থ ও ঈশা নিজেদের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। গত বছর ১৫ নভেম্বর ঈশা নেগি টুইটে লেখেন, ঋষভ পন্থ ভ্যালেন্টাইন ফরএভার। সেটি এখনও তাঁর পিনড টুইট হিসেবেই রয়েছে। পন্থের শারীরিক অবস্থা সংক্রান্ত নানা পোস্ট করছেন ঈশা। শেয়ার করছেন ঋষভ পন্থ ফ্যান ক্লাবের পোস্ট। পন্থ ও তাঁর মায়ের ছবিও ঈশার পোস্টে রয়েছে।
|
হাসপাতালে ঋষভ, বাইরে ঊর্বশী
তবে পিছিয়ে নেই ঊর্বশী রাউতেলা। পন্থ মুম্বইয়ের যে হাসপাতালে ভর্তি রয়েছেন তার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ঊর্বশী। পন্থ যদিও ঊর্বশীকে ঝেড়ে ফেলতে চান, বলিউডের এই অভিনেত্রী কিন্তু পন্থের নাম করে একাধিক টুইট করে জল্পনায় ইন্ধন জুগিয়ে চলেছেন। এবারও তিনি হাসপাতালের বাইরে থেকে ছবি তোলায় এমন জল্পনাও ছড়ায় যে তিনি হাসপাতালে পন্থকে দেখতে গিয়েছিলেন কিনা।
|
ফের ইঙ্গিতবাহী পোস্ট
ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পরও একটি পোস্ট করেছিলেন ঊর্বশী। তাতেও ছিল না পন্থের নাম। কিন্তু সুস্থতা কামনার ইঙ্গিতবাহী বার্তা দেওয়া হয়েছিল। ঊর্বশী এবার যে হাসপাতালের ছবিটি শেয়ার করেছেন, সেটি পন্থ সেখানে ভর্তি হওয়ার পরই করা হয়েছে। এর আগে একটি সাক্ষাৎকারে আরপি কথাটি উল্লেখ করে কিছু কথা বলেছিলেন ঊর্বশী। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আরপি দীর্ঘক্ষণ হোটেলে বসে ছিলেন বলেও দাবি করেন। এরপর ঊর্বশী ও পন্থ কেউই কারও নাম উল্লেখ না করে টুইট যুদ্ধ চালাতে থাকেন। পরে অবশ্য ঊর্বশী বলেছিলেন, তিনি আরপি-র মাধ্যমে সহ অভিনেতা রাম পথিনেনির কথা বলতে চেয়েছিলেন।
|
কটাক্ষের মুখে বলিউড অভিনেত্রী
ভারতীয় দল যখন খেলতে গিয়েছে তখনই সেখানে পৌঁছে গিয়েছেন ঊর্বশী। গ্যালারিতে হাজির থেকেছেন। এমননকী গ্যালারিতে ঊর্বশী, পন্থ প্রথম একাদশে সুযোগ না পেয়ে ডাগআউটে, এমন ছবি নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মিম ছড়িয়েছে। এবার পন্থ যখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি, বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়, তখনই ঊর্বশীর এই ধরনের পোস্ট বালখিল্য আচরণ বলেই মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে ঊর্বশীর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, এমন কাজ কোনও পুরুষ করলে তাঁকে হয় জেলে যেতে হতো, নয়তো নেটফ্লিক্সে ক্রাইম ডকুমেন্টারি হতো। পন্থের এই সময় তাঁকে মানসিকভাবে নির্যাতন করছেন ঊর্বশী, এমন অভিযোগও উঠেছে।












Click it and Unblock the Notifications