মহিলাদের প্রিমিয়ার লিগে টানা ৪ ম্যাচে হারল স্মৃতির আরসিবি, হিলি-ঝড়ে বড় জয় পেল ইউপি
মহিলাদের প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচে পরাস্ত স্মৃতি মান্ধানার আরসিবি। ইউপি ওয়ারিয়রজ জিতল ১০ উইকেটে।
মহিলাদের প্রিমিয়ার লিগে হেরেই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচটি দলের টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলা হয়ে গেল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। জয় এখনও অধরাই। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৪২ বল বাকি থাকতে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়রজ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ৫৪ রান। যদিও ১৯.৩ ওভারে ১৩৮ রানেই শেষ হয়ে যায় আরসিবি। শেষ সাতটি উইকেট পড়ে ৪০ রানের মধ্যে। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৬ বলে ৪ রান করে আউট হন। এলিস পেরি তিনে নেমে ৩৯ বলে সর্বাধিক ৫২ রান করেন। ওপেনার সোফি ডিভাইন করেন ২৪ বলে ৩৬। শ্রেয়াঙ্কা পাতিল ১৫ ও এরিন বার্নসের সংগ্রহ ১২ রান। রিচা ঘোষ আটে নেমে ১ রান করে রান আউট হয়ে যান। সোফি এক্লেস্টোন ৩.৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট সংগ্রহ করেছেন। ২৬ রান দিয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা।
জবাবে খেলতে নেমে ১৩ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি ওয়ারিয়রজ। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর অধিনায়ক অ্যালিসা হিলি ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অপর ওপেনার দেবিকা বৈদ্য ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। সাতজন বোলার ব্যবহার করেও ওপেনিং জুটি ভাঙতে পারেননি স্মৃতি মান্ধানা। কোমল জানাদ ২ ওভারে ২২, শ্রেয়াঙ্কা পাতিল ৩ ওভারে ৩৬, রেণুকা সিং ২ ওভারে ২০, এরিন বার্নস ২ ওভারে ১৮ রান দেন। সাহানা পাওয়ার ১ ওভারে ১১ রান দেন। এলিস পেরি ২ ওভারে ১৭ ও হিদার নাইট ১ ওভারে ৯ রান খরচ করেন।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইউপি ওয়ারিয়রজ তিন নম্বরে উঠে এলো। নেট রান রেট ০.৫০৯। আরসিবি চারটি ম্যাচ হারায় কার্যত তাদের ছুটির ঘণ্টা বেজে গেল। স্মৃতির দলের নেট রান রেট মাইনাস (-) ২.৬৪৮। পরাজয়ের দায় নিজের ঘাড়ে নিয়ে আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেন, চারটি ম্যাচেই আমরা ভালো শুরুর পরও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যাচ্ছি। টপ অর্ডার ব্যাটাররা প্রত্যাশিতভাবে সফল না হওয়ায় বোলারদের পর্যাপ্ত পুঁজি দেওয়া যাচ্ছে না। মাঝের ওভারগুলিতে ৭-৮ রান করে ওভারপিছু তোলার পরিকল্পনাও কাজে আসেনি। দলে চোট সমস্যা নেই। ভারসাম্য বজায় রাখা হচ্ছে দল গঠনের ক্ষেত্রে। সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন মান্ধানা। কিন্তু মাঠে ব্যর্থতার ধারা কাটানো যাচ্ছে না কিছুতেই। ইউপি অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, আরসিবিকে ২০০ রানের কমে বেঁধে ফেলার পরিকল্পনা ছিল। কিন্তু তাদের মতো দলকে ১৪০ রানের কমে আটকে দেওয়ার কৃতিত্ব বোলারদেরই। ব্যাটিং উইকেটে আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছেন। ওপেনার হিসেবে দেবিকার পারফরম্যান্সেও খুশি হিলি।












Click it and Unblock the Notifications