IND vs PAK, U-19 Asia Cup: নিখিলের অর্ধশতরানেও বাঁচল না ভারত, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে হার পাকিস্তানের কাছে
IND vs PAK, U-19 Asia Cup: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শুরুতেই ধাক্কা খেল ভারত। আজ দুবাইয়ে পাকিস্তানের কাছে হার ৪৩ রানে।
সমর্থ নাগরাজ তিন উইকেট নিয়েছিলেন। নিখিল কুমারের অর্ধশতরান কিংবা দশে নেমে মহম্মদ এন্নানের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারল না ভারত।

আজ দুবাইয়ে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে যুব একদিনের আন্তর্জাতিক (YODI) অভিষেক হলো আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী ও সি আন্দ্রে সিদ্ধার্থের। পাকিস্তান টস জিতে ব্য়াট করতে নেমে ৭ উইকেটে ২৮১ রান তোলে।
ওপেনার শাহজাইব খান ১৪৭ বলে ১৫৯ রান করেন। ৫টি চার ও ১০টি ছয়ের সাহায্যে। ৯৪ বলে ৬০ রান উসমান খানের। মহম্মদ রিয়াজুল্লাহ করেন ৩ বলে ২৭। সমর্থ নাগরাজ ৪৫ রান দিয়ে তিনটি ও আয়ুষ মাত্রে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নেন। যুধাজিৎ গুহ ও কিরণ চোরমালে পান ১টি করে উইকেট।
ইউথ ওডিআইয়ে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড দখলে নিলেন শাহজাইব। ২০১২ সালে পাকিস্তানেরই সামি আসলাম করেছিলেন ১২৪ বলে ১৩৪। ফলে নিজের দেশের ব্যাটারের নজির ছাপিয়ে গেলেন শাহজাইব।
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ২০০৯ সালে ১১৩ বলে অপরাজিত ১২৯ করেছিলেন দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকারম্যান। ২০০২ সালে ইংল্যান্ডের কাদির আলি করেছিলেন ১২২ বলে ১২৫।
জবাবে খেলতে নেমে ২৮ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। আয়ুষ মাত্রে ২০ ও বৈভব সূর্যবংশী ১ রানে আউট হন। আইপিএল নিলামে রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়ার পর প্রথম ম্যাচেই ব্যর্থ বৈভব। সি আন্দ্রে সিদ্ধার্থ ১৫, অধিনায়ক মহম্মদ আম্মান করেন ১৬।
৭৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন নিখিল কুমার। কিরণ চোলমালে ২০, উইকেটকিপার হরবংশ পাঙ্গালিয়া ২৬, হার্দিক রাজ ১০ ও সমর্থ নাগরাজ শূন্য রানে আউট হন। ভারতের নবম উইকেটের পতন ঘটে ১৯০ রানে। এরপর যুধাজিৎকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মহম্মদ এন্নান।
৪৭.১ ওভারে ২৩৮ রানে অল-আউট হয়ে যায় ভারত। এন্নান ২২ বলে ৩০ রান করে রান আউট হন। ২২ বলে ১৩ রানে অপরাজিত থাকেন যুধাজিৎ। আলি রাজা তিনটি এবং আব্দুল সুভান ও ফাহম-উল-হক ২টি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications