U-19 Asia Cup 2023: রাজের ৭ উইকেট, নেপালের রান যেন মোবাইল নম্বর! ভারত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শেষ চারে
Under-19 Asia Cup 2023: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বিরাট জয় ছিনিয়ে নিল ভারত। যার সুবাদে কিছুক্ষণের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে উদয় সাহারানের নেতৃত্বাধীন দল।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডের ম্যাচে নেপালকে ২৫৭ বল বাকি থাকতে ভারত হারিয়েছে ১০ উইকেটে। নেপালের স্কোরকার্ড দেখলে মনে হতেই পারে যেন মোবাইল নম্বর।

ভারতের অনূর্ধ্ব ১৯ দল টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ম্যাচ ৫০ ওভারের হলেও ২২.১ ওভারে ৫২ রানেই গুটিয়ে যায় নেপাল। সবচেয়ে বেশি রান যোগ হয়েছে অতিরিক্তর খাতায়। ১৩ রান। কোনও ব্যাটারই দুই অঙ্কের রান পাননি। ১ থেকে ১১ নম্বর ব্যাটারের নম্বর পরপর সাজালে দাঁড়াচ্ছে ১৭০২৪০৭৪২৮৪।
১০ নম্বরে ব্যাট করতে নামা হেমন্ত ধামি ১৮ বলে ৮ রান করেছেন। ৪.১ ওভারে ৯ রানে পড়েছিল প্রথম উইকেট। ৯ ওভারের শেষে স্কোর ছিল ৫ উইকেটে ১৭। ২১ রানে ষষ্ঠ, ৩২ রানে সপ্তম, ৩৮ রানে অষ্টম, ৪৪ রানে নবম উইকেট পড়ে। বোলিং ওপেন করা রাজ লিম্বানি ৩টি মেডেন-সহ ৯.১ ওভারে ১৩ রান খরচ করে ৭ উইকেট নেন।
রাজের নাম রয়েছে আইপিএল নিলামের তালিকায়। রাজের মতোই আরাধ্য শুক্লা ও সাউমি পাণ্ডের আইপিএল ভাগ্য নির্ধারিত হবে ১৯ ডিসেম্বর। আরাধ্য ২টি ও আর্শিন কুলকার্নি ১টি উইকেট নেন। সাউমি ২টি ওভার বল করেছেন, ১ মেডেন, ১ রান খরচ করলেও এদিন তিনি উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ভারতের অনূর্ধ্ব দল ৭.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আদর্শ সিং ১৩ ও আরশিন কুলকার্নি ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। গ্রুপ এ-র ম্যাচে ভারত ৩ ম্যাচে ২টি জয়ের সৌজন্যে ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে।
পাকিস্তান ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ভারত বড় জয় ছিনিয়ে নেওয়ায় নেট রান রেট ১.৮৫৬। পাকিস্তানের ৩ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে, তাদের নেট রান রেট ১.৬২৩। এই গ্রুপ থেকে পাকিস্তান ও ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামীকাল। কাল বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিপক্ষ জাপান।












Click it and Unblock the Notifications