আইপিএলের দুই নতুন দলের অন্তর্ভূক্তি চলতি বছরই, কবে তা জেনে নিন
আইপিএলের দুই নতুন দলের নিলাম চলতি বছরই, কবে তা জেনে নিন
আর এক মাস পরেই দেশে শুরু হতে চলেছে চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের আবহে ভারতেই হবে টুর্নামেন্ট। তা নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এসবের মধ্যে টুর্নামেন্টের আরও দুই নতুন দলের অন্তর্ভূক্তি নিয়েও দামামা বেজে গিয়েছে বলা চলে। কবে হবে তার নিলাম, কী বলছে বিসিসিআই, জানা গেল অবশেষে।

কবে হবে নিলাম
বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের আইপিএল চলাকালীনই টুর্নামেন্টের নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়ে নিলাম ডাকা হবে। সম্ভবত মে মাসে এই ইভেন্ট আয়োজন করা হবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে সরাসরি কিছু জানানো হয়নি।

শনিবারের বৈঠক
শনিবার অর্থাৎ ১৩ মার্চ বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। ওই বৈঠকে আগামী আইপিএল নিয়ে গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা হয়। সেখানে টুর্নামেন্টের নতুন দুই দলের অন্তর্ভূক্তি নিয়েও কথা হয়েছে বলে সূত্রের খবর।

নতুন দুই দল
২০২২ সালে আইপিএলে দুটি নতুন দল অন্তর্ভূক্ত করা হবে বলে আগেই জানিয়েছিল বিসিসিআই। সেই মতো প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, আহমেদাবাদ হতে পারে প্রথম ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি কোন শহর হবে, তা নিয়ে পুনে, কানপুর, লখনৌয়ের মধ্যে জোর লড়াই।

কবে থেকে শুরু আইপিএল
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। তার মধ্যে নতুন দুই দলের অন্তর্ভূক্তির জন্য নিলাম ডাকা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।












Click it and Unblock the Notifications