আইপিএলের আগে মুখে হাসি শাহরুখের, সিপিএলের ইতিহাসে জোড়া রেকর্ড তৈরি করে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
আইপিএলের আগে নাইট শিবিরে সুখবর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্য়াঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স।
আইপিএলের আগে নাইট শিবিরে সুখবর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্য়াঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল ফাইনালে এদিন সেন্ট লুসিয়া জুকসের বিরুদ্ধে ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স।

সিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড
সিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়া কীর্তি গড়ল ত্রিনবাগো নাইট রাইডার্স। আজ ফাইনাল জিতে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল নাইট ব্রিগেড। এর আগে ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দল। দুবছর পর এবার ২০২০ সালে ফের চ্যাম্পিয়ন ব্র্যাভোরা। সব মিলিয়ে চারবার চ্যাম্পিয়ন শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।

ফাইনালে ঈর্ষণীয় রেকর্ড ধরে রাখল নাইট রাইডার্স
ফাইনালে উঠলে কোনও দিনও ম্যাচ হারে না নাইট রাইডার্স। সেই ঈর্ষণীয় রেকর্ড ধরে রাখল ত্রিনবাগো। এর আগে তিনবার ফাইনাল খেলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এবারও অন্যথা হল না। ফাইনালে উঠে আরও একবার চ্য়াম্পিয়ন বাদশার দল।

ইতিহাস লিখল পোলার্ড অ্যান্ড কোম্পানি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে লিগের সবকটি ম্যাচ জিতে সিপিএলে চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০২০ সালে তারা লিগ পর্বে টানা ১০টি ম্যাচ জেতে। এরপর নকআউটে দুটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল। সব মিলিয়ে টুর্নামেন্টে টানা ১২ ম্যাচ জিতে সিপিএল চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।

ফাইনালের নায়ক কারা
ফাইনালে ১৫৫ রান তাড়া করতে নেমে ত্রিনবাগো দলের হয়ে লেন্ডল সিমন্স ৪৯ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। চার নম্বরে নেমে বাঁ-হাতি ড্যারেন ব্র্যাভো ৪৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। দুই তারকার ব্যাটে অনায়াসে ম্যাচ জিতে নিয়ে চ্যাম্পিয়ন হল নাইট রাই়ডার্স।












Click it and Unblock the Notifications