Trent Boult: ট্রেন্ট বোল্টের নয়া ইতিহাস, এমআই কেপ টাউন SA20 খেতাব জিততেই বিশ্বের প্রথম অনন্য কীর্তি
Trent Boult: ট্রেন্ট বোল্ট বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ঈর্ষণীয় কীর্তি গড়লেন। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি আলাদা দেশের টি২০ লিগ খেতাব জয়ের সাক্ষী থেকে।
জোহানেসবার্গে গতকাল ছিল এসএ২০-র ফাইনাল। যাতে এমআই কেপ টাউন ৭৬ রানে হারাল সানরাইজার্স ইস্টার্ন কেপকে। ৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন বোল্ট।

২০২০ সালে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই দলের সদস্য ছিলেন নিউজিল্যান্ডের পেসার বোল্ট। ২০২৩ সালে তিনি মেজর লিগ ক্রিকেট খেতাব জেতেন এমআই নিউ ইয়র্কের হয়ে। গত বছর এমআই এমিরেটস সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি২০ বা আইএলটি২০ জেতে। তাতেও ছিলেন বোল্ট।
চলতি বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন ট্রেন্ট বোল্ট। এবারের নিলাম থেকে তাঁকে সাড়ে ১২ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে নিজের ফ্র্যাঞ্চাইজিকে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ খেতাবে অগ্রণী ভূমিকা পালন করলেন বোল্ট।
রশিদ খানের নেতৃত্বাধীন এমআই কেপ টাউনের হয়ে এবারের এসএ২০-তে বোল্ট মোট ১১টি উইকেট দখল করলেন। আইএলটি২০-তে ১৫ ম্যাচে ৩১ উইকেট আছে বোল্টের, সেরা বোলিং ফিগার ২০ রানে চার উইকেট।
আইপিএলে ২৯টি ম্যাচে বোল্টের শিকারের সংখ্যা ৩৮, সেরা বোলিং ১৮ রানের বিনিময়ে চার উইকেট। মেজর লিগ ক্রিকেটে তিনি ২২টি ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ১৪ রানে তিন উইকেট।
২০২০ সালের আইপিএল ফাইনালে বোল্ট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩০ রানে তিন উইকেট তুলে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব জেতানোয় অবদান রাখেন। প্রথম বলেই তিনি ফিরিয়েছিলেন মার্কাস স্টইনিসকে।
২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে এমআই নিউ ইয়র্কের হয়ে সিটল অর্কাসের বিরুদ্ধে বোল্ট ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন। এমএলসি-তে প্রথম মরশুমে বোল্ট ৮ ম্যাচে ২২ জন ব্যাটারকে আউট করেছিলেন। যা টুর্নামেন্টে রেকর্ড। গত বছর আইএলটি২০-তে বোল্ট ১২ ম্যাচে ১৬ উইকেট নেন। ফাইনালে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি ২০ রান খরচ করে ২ উইকেট নেন।
কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনটি খেতাব জিতেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স, এমআই নিউ ইয়র্ক ও এমআই এমিরেটসের হয়ে। পোলার্ডের কীর্তি এবার ভেঙে দিলেন বোল্ট। গতকাল তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। জর্ডন হারম্যান ও ট্রিস্টান স্টাবসকে আউট করেন।












Click it and Unblock the Notifications