IPL 2022: আইপিএল নিলামে ভাগ্য খুলবে ১২১৪ প্রত্যাশীর মধ্যে সর্বাধিক ২১৭ জনের, কারা ইতিমধ্যেই কোন দলে?
আইপিএলের নিলাম আগামী মাসের ১২ ও ১৩ তারিখ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। পুরানো ৮টি দল মোট ২৭ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নতুন দুই দল লখনউ ও আমেদাবাদ তিনজন করে ক্রিকেটারকে নিয়েছে। বাকিদের ভাগ্য পরীক্ষা হবে আইপিএলের নিলামে, যেখানে নাম লেখালেন ১২১৪ জন ক্রিকেটার।

দল-প্রত্যাশী ১২১৪!
বিসিসিআইয়ের তরফে সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএলের নিলামে অংশ নিতে ইচ্ছুকদের নাম নথিবদ্ধ করার সময়সীমা ছিল ২০ জানুয়ারি। এই ১২১৪ জনের মধ্যে ৮৯৬ জন ভারতীয় ও ৩১৮ জন বিদেশি ক্রিকেটার। নিজেদের জাতীয় দলের হয়ে খেলেছেন এমন ২৭০ জন নাম লিখিয়েছেন। জাতীয় দলের হয়ে না খেলা ক্রিকেটারের সংখ্যা ৯০৩। অ্যাসোসিয়েট প্লেয়ারের সংখ্যাটা ৪১।

কতজন ভারতীয়?
ভারতীয় দলে খেলা ৬১ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে আইপিএল নিলামে। নিজেদের দেশের হয়ে খেলা বিদেশি ক্রিকেটার রয়েছেন ২০৯ জন। ভারতীয় দলে খেলেননি, অথচ আগের আইপিএলে খেলেছেন এমন ১৪৩ জন ক্রিকেটার এবারও আইপিএলে দল পাওয়ার আশায় নিজেদের নাম লিখিয়েছেন, ঠিক এমন বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৬। ভারতীয় দলের হয়ে খেলেননি এমন ৬৯২ জন এবার আইপিএল খেলতে আগ্রহী, বিদেশিদের ক্ষেত্রে সংখ্যাটি ৬২।

ভাগ্য খুলবে কতজনের?
তবে ১২১৪ জন নাম লেখালেও সবচেয়ে বেশি ২১৭ জন ক্রিকেটারের ভাগ্য খুলতে পারে আইপিএল নিলাম থেকে। তাও যদি ১০টি দলের প্রত্যেকটি ২৫ জন করে ক্রিকেটার নিতে চায়। সর্বাধিক ৭০ জন বিদেশি নিলাম থেকে আইপিএলের বিভিন্ন দলে সুযোগ পেতে পারেন। আফগানিস্তানের ২০ জন, অস্ট্রেলিয়ার ৫৯ জন, বাংলাদেশের ৯ জন, ইংল্যান্ডের ৩০ জন, আয়ারল্যান্ডের তিনজন, নিউজিল্যান্ডের ২৯ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, শ্রীলঙ্কার ৩৬ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪১ জন, জিম্বাবোয়ের ২ জন, ভুটানের ১ জন, নামিবিয়ার ৫ জন, নেপালের ১৫ জন, নেদারল্যান্ডসের ১ জন, ওমানের তিনজন, স্কটল্যান্ডের ১ জন, সংযুক্ত আরব আমিরশাহীর ১ জন ও আমেরিকার ১৪ জন ক্রিকেটার আইপিএল নিলামে নিজেদের নাম লিখিয়েছেন।

যাঁরা ইতিমধ্যেই ১০ দলে
চেন্নাই সুপার কিংস- রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মঈন আলি ও ঋতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, আনরিখ নরকিয়া
কলকাতা নাইট রাইডার্স- আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারিন
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও কায়রন পোলার্ড
পাঞ্জাব কিংস- ময়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং
রাজস্থান রয়্যালস- সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়াল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ
সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন, আবদুল সামাদ ও উমরান মালিক
আমেদাবাদ- হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান ও শুভমান গিল
লখনউ- লোকেশ রাহুল, মার্কাস স্টইনিস ও রবি বিষ্ণোই












Click it and Unblock the Notifications