বিশ্বকাপের ইতিহাসে সেরা তিন সেমি ফাইনাল, এক নজরে দেখে নিন
বিশ্বকাপের ইতিহাসে সেরা তিন সেমি ফাইনাল, এক নজরে দেখে নিন
ইংল্যান্ড বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের খেলা প্রায় শেষ। ৯ জুলাই থেকে শুরু হচ্ছে সেমি ফাইনাল। টুর্নামেন্টের নক আউটে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তেমনটাই আশা করে ক্রিকেট বিশ্ব। দেখে নেওয়া যাক বিশ্বকাপের সেরা তিন সেমি ফাইনাল ম্যাচ।

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (তৃতীয়)
১৪ মার্চ ১৯৯৬। পাঞ্জাবের মোহালির আই এম বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মার্ক টেলর। স্যার কার্টলে অ্যাম্ব্রোস ও ইয়ান বিশপের বিষাক্ত বোলিংয়ে ধসে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। ১৫ রানে ৪ উইকেট হারান অজিরা। এরপর স্টুয়ার্ট ল ও মাইকেল বিভানের ঐতিহাসিক ১৩৮ রানের পার্টনারশিপের দৌলতে ক্যারিবিয়ানদের সামনে ২০৭ রান খাড়া করে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হলেও শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও ডেমিয়েন ফ্লেমিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ানদের মিডিল ও লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। তবু শেষ ওভার পর্যন্ত খেলা গড়ায়। থ্রিলিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন শিবনারিন চন্দ্রপল।

দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (দ্বিতীয়)
২৪ মার্চ ২০১৫। ঘরের মাঠ ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ফাফ ডু প্লেসি (৮২), এবিডি (৬৫) ও ডেভিড মিলারের (৪৯) দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ৪৩ ওভারে ২৮১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে সেই লক্ষ্য বেড়ে হয় ২৯৮।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ব্ল্যাক ক্যাপরা। মার্টিন গাপটিল (৩৪) ও কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলামের (৫৯) মধ্যে ৭১ রানের পার্টনারশিপ হয়। মিডিল অর্ডারে রস টেলর (৩০), কোরি আন্ডারসনের (৫৮) মারমুখী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। কিন্তু সেদিন দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন গ্রান্ট এলিয়ট। তাঁর ৭৩ বলে বলে ৮৪ রানের ইনিংস বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা বলে ধরা হয়। শেষ ওভারের পঞ্চম বলে ছয় মেরে নিউজিল্যান্ডকে ওই সেমি ফাইনাল জেতান এলিয়ট।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (এক)
১৭ জুন ১৯৯৯। ইংল্যান্ডের এজবাস্টনে বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে। অধিনায়ক স্টিভ ওয়া (৫৬) ও মাইকেল বিভানের (৬৫) লড়াকু ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম ৫০ ওভারে ২১৩ রান তোলে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে যথাক্রমে ৫টি ও ৪টি উইকেট নেন শন পোলক ও অ্যালান ডোনাল্ড।
জবাবে ব্যাট করতে নেমে ৬১ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর জ্যাক কালিস (৫৩) ও জন্টি রোডসের (৪৩) মধ্যে ৮৪ রানের পার্টনারশিপ হয়। গুরুত্বপূর্ণ সময়ে ২০ ও ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন যথাক্রমে শন পোলক ও লান্স ক্লুজনার। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। ৫০তম ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যান অ্যালান ডোনাল্ড। ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications