ICC Champions Trophy:চলতি বিশ্বকাপ থেকেই পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, আইসিসির নিয়মে বিপদে কারা?
জোর কদমে চলছে একদিনের বিশ্বকাপ। গ্রুপ পর্বের লড়াই যত শেষ দিকে এগোচ্ছে ততই জমে উঠছে নক আউটের টিকিট পাওয়ার লড়াই। কোন চারটি দল গ্রুপ পর্ব থেকে শেষচারের যোগ্যতা অর্জন করবে এই নিয়ে চলছে জোর চর্চা। এরইমধ্যেই আইসিসি দিল নতুন আপডেট। বিশ্বকাপ থেকেই পাওয়া যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট।
প্রথম তিনটি স্থানে থাকা তিন দল অর্থ্যাত দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। বাকি একটি স্থানের জন্য লড়াইয়ে আছে বেশ কয়েকটি দল। একদিনের বিশ্বকাপের পর ওডিআই ফর্ম্যাটে পরের আইসিসি টুর্নামেন্ট রয়েছে ২০২৫ সালে। কারা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে তা চূড়ান্ত হয়ে যাবে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষেই।

আইসিসির মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছেন, '২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের বিষয়টিতে ২০২১ সালেই আইসিসি বোর্ড সিলমোহর দিয়েছিল। ২০২৪ সাল থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দলই অংশ নেবে।'
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা করে কোনও যোগ্যতা অর্জন পর্ব হবে না। বিশ্বকাপ থেকে সরাসরি চূড়ান্ত হয়ে যাবে কারা পরবর্তী আইসিসির মেগা একদিনের টুর্নামেন্টে অংশ নেবে। অর্থ্যাত এরফলে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ডের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশগুলিও মিনি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

একইসঙ্গে বাংলাদেশ-ইংল্যান্ডের মতো দলগুলিও এবার পয়েন্ট তালিকায় নীচের দিকে রয়েছে। ফলে উন্নতি করতে না পারলে তাদের ভাগ্যেও জুটবে না মিনি বিশ্বকাপের টিকিট। ভারতে বিশ্বকাপ খেলছে এমন দলসহ বিশ্বকাপে জায়গা পায়নি এমন দেশ এই নিয়ম শুনে বিস্মিত হলেও ভুল-বোঝাবুঝির সুযোগ নেই বলে উল্লেখ করেছে আইসিসি।
মূলত আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
আয়োজক হিসেবে সরকারিভাবে নাম রয়েছে পাকিস্তানের। ফলে ভারতের খেলা নিয়ে যে অনেক জলঘোলা হবে তা বলাই বাহূল্য। যদি শেষ পর্যন্ত পাক ভূমিতে চ্যাম্পিয়্ন্স ট্রফির আসর বসে, তাহলে ১৯৯৬ সালের বিশ্বকাপের পর আইসিসির কোনও ইভেন্ট হবে পাকিস্তানে।












Click it and Unblock the Notifications