New Zealand Captain: শ্রীলঙ্কায় হেরেই সাউদির পদত্যাগ, ভারত সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম
New Zealand Captain: শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট সিরিজে পর্যুদস্ত হয়েছে নিউজিল্যান্ড। যার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড।
এই পরিস্থিতিতে টিম সাউদি আচমকাই টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। ভারত সফরে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

তিন টেস্টের সিরিজ খেলতে শুক্রবারই ভারত সফরে আসতে পারে নিউজিল্যান্ড। ১৬ অক্টোবর থেকে সিরিজ শুরু। সাউদি জানিয়েছেন, দলের স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত। লাথাম এর আগে, ৯টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। এবার তিনি স্থায়ী টেস্ট অধিনায়ক হলেন।
সাউদির নেতৃত্বে নিউজিল্যান্ড ১৪টি টেস্ট খেলেছে, জিতেছে ৬টিতে, হার ৬টিতে, ২টি টেস্ট ড্র। ২০২২ সালে কেন উইলিয়ামসন অধিনায়ক হিসেবে ইনিংস শেষের পর সাউদির হাতে গিয়েছিল নেতৃত্বের ব্যাটন। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে লড়াই করে হারলেও দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে কিউয়িদের।
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট পরিত্যক্ত হয়ে গিয়েছিল বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের কারণে। ফলে সেটিকে বাদ দিলে শ্রীলঙ্কায় দুটি টেস্টে হার-সহ টানা চারটি টেস্টে পরাস্ত হলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমবারের চ্যাম্পিয়নরা।
সাউদি জানান, অধিনায়কত্ব ছাড়ার পর তিনি আরও বেশি নিজের পারফরম্যান্সে ফোকাস করতে পারবেন। নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোই তাঁর লক্ষ্য। সেই সঙ্গে দলে আসা তরুণ বোলারদেরও সহযোগিতা করতে চান সাউদি। নতুন অধিনায়ক টম লাথামকে শুভেচ্ছা জানিয়ে তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন সাউদি।
তবে সাউদি ভারত সফরে তিনটি টেস্টেরই একাদশে থাকবেন কিনা তা স্পষ্ট নয়। শেষ ৮টি টেস্টে তিনি মাত্র ১২টি উইকেট নিয়েছেন। বিশেষ করে শ্রীলঙ্কায় নজর কেড়েছেন উইল ও'রোর্ক। ম্যাট হেনরিও ভালো ছন্দে রয়েছেন। সুযোগের অপেক্ষায় রয়েছেন বেন সার্স, যিনি গত মার্চে একটিই টেস্ট খেলেছেন।












Click it and Unblock the Notifications