বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার ২ মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, বিজেপিকে বিঁধল তৃণমূল
মহিলাদের বিশ্বকাপ খেলতে এসে ইন্দোরে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে।
গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে বিঁধতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার ইন্দোরের হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে ওই দুই ক্রিকেটার নিগ্রহের শিকার হন। তাঁদের কাছ থেকে জরুরি বার্তা পেয়ে ঘটনাস্থলে যান নিরাপত্তাকর্মীরা। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে এবং অভিযুক্ত আকিলকে মোটরবাইক-সহ গ্রেফতার করে।
আইসিসি মহিলা বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা রয়েছেন ইন্দোরের র্যাডিসন ব্লু হোটেলে। অভিযোগ পাওয়ার পর পুলিশ গতকাল খজরানা রোড এলাকায় ঘটা ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সাব ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান, দুই ক্রিকেটার হোটেল থেকে বেরিয়ে ক্যাফের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি মোটরবাইক নিয়ে তাঁদের অনুসরণ করতে শুরু করে। অভিযোগ, সে তাঁদের একজনের সাথে অশালীন আচরণও করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর এই দুই ক্রিকেটার তাঁদের দলের নিরাপত্তার মূল দায়িত্বে থাকা ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। সিমন্স স্থানীয় নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তাদের সাথে সমন্বয়সাধন করে সাহায্যের জন্য একটি গাড়ি পাঠান।
সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে দুই খেলোয়াড়ের সঙ্গে দেখা করেন। তিনি তাঁদের জবানবন্দি রেকর্ড করেন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৭৪ (নারীর সম্ভ্রমহানির উদ্দেশ্যে ফৌজদারি বলপ্রয়োগ) এবং ধারা ৭৮ (পিছু নেওয়া)-এর অধীনে এমআইজি থানায় একটি এফআইআর নথিভুক্ত করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, একজন পথচারী সন্দেহভাজন ব্যক্তির মোটরবাইকের নম্বর নোট করে রেখেছিলেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আকিল খানকে ধরা হয়। পুলিশ আরও জানায়, "আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা নথিভুক্ত আছে এবং তদন্ত চলছে।"
তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা ইন্দোরের ঘটনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইন্দোরে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটাররা শ্লীলতাহানির শিকার হয়েছেন, যা 'বেটি বাঁচাও' স্লোগানের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলার দিকে আঙুল তোলার আগে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নারী সুরক্ষার বিষয়ে আত্মবিশ্লেষণ করা উচিত। বিজেপির শাসনাধীনে ভারতের মেয়েরা এবং বিদেশ থেকে আগত অতিথিরাও নিরাপদ নন। এই ঘটনা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ন করেছে।












Click it and Unblock the Notifications