SA vs IND: সঞ্জুর শতরানের কীর্তি ছুঁলেন তিলক, জোড়া সেঞ্চুরিতে টি২০ আন্তর্জাতিকে একাধিক নজির ভারতের
SA vs IND: জোহানেসবার্গে ফের টি২০ আন্তর্জাতিকে তিনশো রানের আশা জাগালেও কিছুটা দূরেই থামল ভারত। যদিও জোড়া শতরানে টি২০ আন্তর্জাতিকে অনন্য নজির গড়ল ভারত।
আজ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারতের দুই ব্যাটার শতরান হাঁকালেন। তিলক বর্মা ছুঁলেন সঞ্জু স্যামসনের কীর্তি।

সঞ্জু দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি২০ আন্তর্জাতিকে শতরান করেছিলেন। তার আগের ইনিংসে শতরান ছিল দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের প্রথম ব্যাটার হিসেবে তিনি পরপর দুটি টি২০ আন্তর্জাতিকে শতরানের নজির গড়েছিলেন ডারবানে।
আজ জোহানেসবার্গে তিনি পেলেন আরেকটি শতরান। মাঝের ২ ইনিংসে সাজঘরে ফিরেছিলেন শূন্য রানে। সঞ্জু এদিন পেলেন টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় শতরান। চলতি সিরিজের দ্বিতীয়। আর তাঁর পার্টনার তিনে নামা তিলক স্পর্শ করলেন সঞ্জুর কীর্তি।
সেঞ্চুরিয়নে টি২০ আন্তর্জাতিকে কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়েছিলেন তিলক বর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনে ব্যাটিং করার। সেঞ্চুরিয়নের পর আজ জোহানেসবার্গেও শতরান পেলেন তিলক।
ফলে পরপর ২টি টি২০ আন্তর্জাতিকে শতরান করার যে নজির সঞ্জু গড়েছিলেন এদিন তা স্পর্শ করলেন তিলক। ভারতের প্রথম উইকেট পড়েছিল ৫.৫ ওভারে ৭৩ রানে। এরপর দ্বিতীয় উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে ২১০ রান যোগ করলেন সঞ্জু ও তিলক, যা টি২০ আন্তর্জাতিকে যে কোনও জুটিতে সর্বাধিক।
টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে তুলল ১ উইকেটে ২৮৩ রান। সঞ্জু ৬টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকলেন। তিলক পরপর দুটি আন্তর্জাতিক শতরান হাঁকানোর পাশাপাশি দুটিতেই অপরাজিত রইলেন।
সেঞ্চুরিয়নে তিলক ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন। কেরিয়ারের ১৯তম টি২০ আন্তর্জাতিক ইনিংসে তিলক অপরাজিত থাকলেন ৪৭ বলে ১২০ রানে। মেরেছেন ৯টি চার ও ১০টি ছয়। দক্ষিণ আফ্রিকা ৭ বোলার ব্যবহার করে, একমাত্র উইকেটটি লুথো সিপামলার। অভিষেক শর্মা করেন ১৮ বলে ৩৬।
সঞ্জু শতরান পূর্ণ করেন ৫১ বলে, তিলকের লাগে ৪১ বল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ ক্রিকেটে দলগত সর্বাধিক রেকর্ডটি দখল করল ভারত। এর আগে মাত্র ২ বার টি২০ আন্তর্জাতিকে কোনও ইনিংসে ২ ব্যাটার শতরান হাঁকিয়েছেন। তবে সেই তালিকায় এতদিন ছিল না কোনও টেস্টখেলিয়ে দেশ।
২০২২ সালে বুলগেরিয়ার বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের দুই ওপেনার সাবাউন দাভিজি ১১৫ রানে অপরাজিত ছিলেন। ১০৬ করেন অপর ওপেনার ডাইলান স্টেইন। চলতি বছর জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ১৩৪ ও অধিনায়ক কেন্ডেল কাডোয়াকি-ফ্লেমিং ১০৯ রানে অপরাজিত ছিলেন চিনের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications