ভ্যাকসিন নিলেন গিল, ইংল্যান্ড যাওয়ার আগে বিরাটদের মানতে হবে কড়া নিয়ম
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ২ জুন ইংল্যান্ড রওনা হবে ভারতীয় দল। তার আগে বিরাট কোহলিদের মানতে হবে কড়া নিয়ম।

Get your superpowers upgraded as soon as you are able to💉.
— Shubman Gill (@RealShubmanGill) May 15, 2021
Massive shoutout to all the doctors and frontline workers for putting in all the effort👩🏻🎤 pic.twitter.com/EOFohvaJ1C
দলের প্রত্যেককেই নিতে হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল। করোনা আবহে ক্রিকেটারদের থাকতে হবে কড়া অনুশাসনে। জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে ১৯ মে। জানা গিয়েছে, একই নিয়ম প্রযোজ্য হবে ভারতীয় মহিলা দলের ক্ষেত্রেও।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় টেস্ট দলের প্রত্যেককে আগামী ১৯ তারিখ মুম্বইয়ে পৌঁছাতে হবে। তার আগে বাড়ি থেকেই তিনটি আরটি-পিসিআর পরীক্ষা দিতে হবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তিনটি ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট হলে তবেই টিম হোটেলে প্রবেশ করা যাবে। মুম্বইতে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে ভারতীয় দলকে। প্রায় সব ক্রিকেটারই কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে ইংল্যান্ডে যাবেন। করোনা থেকে সুস্থ হয়ে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে ঋদ্ধিমান সাহা অবশ্য এখনই ভ্যাকসিন নিতে পারবেন না। কারণ, করোনা থেকে সদ্য সেরে উঠছেন তিনি। কোয়ারান্টিন পর্ব এখনও শেষ হয়নি। তার আগে দুটি করোনা রিপোর্টের একটি নেগেটিভ এবং অপরটি পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে ঋদ্ধি ১৯ তারিখের আগে ফিট হয়ে উঠতে পারেন কিনা সেদিকে তাকিয়ে সকলেই।

যাঁরা প্রথম ডোজ নিয়ে ইংল্যান্ডে যাচ্ছেন তাঁরা দ্বিতীয় ডোজটি কীভাবে পাবেন সে নিয়েই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিসিসিআই। ব্রিটিশ সরকার ভ্যাকসিন নেওয়ার অনুমতি দিলে সমস্যা নেই। নাহলে ভারত থেকেই ভ্যাকসিন নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু অগাস্টের প্রথমে, চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি।












Click it and Unblock the Notifications