কোনও চক্রান্ত নেই, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওয়ার্নের, নিশ্চিত করল থাই পুলিশ
কোনও চক্রান্ত নেই, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওয়ার্নের, নিশ্চিত করল থাই পুলিশ
শেন ওয়ার্নের অটোপসি রিপোর্ট হাতে পৌঁছে থাই পুলিশের এবং তা দেখার পর ওয়ার্নের মৃত্যুর পিছনে কোনও অন্য কারণ জড়িয়ে থাকার সম্ভবনা সম্পূর্ণ ভাবে নাকোজ করে দিয়েছে তাঁরা। থাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওয়ার্নের। কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর পিছনে কোনও ফাউল প্লে নেই।

পুলিশের পক্ষ থেকে অ্যাসিস্টেন্ট কমিশনার জেনারেল সুরাচাতে হাকপার্ন জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে ওয়ার্নের মৃত্যুর তদন্ত চলছে এবং এখানে কোনও রকম চক্রান্তের হদিস মেলেনি। শেন ওয়ার্নের পরিবারের কাছে অটোপসির রিপোর্টের একটি কপি পাঠানো হয়েছে এবং তাঁরা সেই রিপোর্ট নিয়ে কোনও প্রশ্ন তোলেননি, সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। কিষানা ফাটানাচারোয়েন বলেছেন, "তদন্তকারীরা আজ অটোপসি রিপোর্ট পেয়েছেন। যাতে মেডিক্যাল ওপিনিয়ম রয়েছে স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে। তদন্তকারীরা আইনের সময়সীমার মধ্যে প্রসিকিউটারদের ময়নাতদন্তের ফলাফলে সংক্ষিপ্ত বিবরণ দেবে।"
অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটাতে থাইল্যান্ডে এসেছিলেন ওয়ার্ন। ৪ মার্চ থাইনল্যান্ডের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৫২ বছর। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয় হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে কিংবদন্তি লেগ স্পিনারের। ওয়ার্নের একজন বন্ধু টম হল যিনি ওয়ার্নের সঙ্গে এই ভিলায় ছিলেন তিনি জানিয়েছিলেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে কোনও অস্বাভাবিক পরিস্থিতি ছিল না। যদিও ওয়ার্ন মৃত্যুর আগে জানিয়েছিলেন তিনি প্রায়শই বুকে ব্যথা অনুভব করেন। পুলিশ আগেই জানিয়েছে অ্যাস্থামা এবং বেশ কিছু হার্ট সংক্রান্ত সমস্যা ছিল ওয়ার্নের।
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম বার মাঠে নেমেছিলেন শেন ওয়ার্ন। ১৫ বছরের টেস্ট কেরিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৪৫টি টেস্ট খেলেছন তিনি। ২৭৩টি ইনিংসে তিনি শিকার করেছেন ৭০৮টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ৮/৭১। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন ওয়ার্ন। এর এক বছর পর ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নের। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট সংগ্রহ করেছেন ওয়ার্ন। ৭৩টি টি-২০ ম্যাচে ওয়ার্ন ৭০টি উইকেট পেয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্য গ্রেট সাউদার্ন স্ট্যান্ড শেন ওয়ার্নের নামাঙ্কিত হবে জানা গিয়েছে। এই মেলবোর্নেই বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে ৭০০তম টেস্ট উইকেটটি পেয়েছিলেন শেন ওয়ার্ন।












Click it and Unblock the Notifications