Champions Trophy: চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের সূচি, ভারতের ম্যাচ কাদের বিরুদ্ধে? রইল বিস্তারিত আপডেট
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচের সমাপ্তি হল। ভারত-নিউজিল্যান্ডকে হারানোর পরই সেমিফাইনালের সূচিও চূড়ান্ত হয়ে গেল। শনিবারই সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গিয়েছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের চার দল হল ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। কোন দল কার বিরুদ্ধে কবে কোথায় খেলবে সেটাও চূড়ান্ত হয়ে গেল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুসারে, গ্রুপ এ-র শীর্ষে থাকা দল সেমিফাইনালে বি-র গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। পাশাপাশি এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সেমিফাইনালে বি গ্রুপের শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে।

মঙ্গলবার প্রথম সেমিফাইনাল, এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। খেলাটি হবে দুবাইয়ে। পরের দিন বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল দুটির জন্য একদিন করে সংরক্ষিত দিন রাখা হয়েছে। অর্থাৎ, বৃষ্টিতে কোনও কারণে এক দিনের খেলা ভেস্তে গেলে দ্বিতীয় দিন সেই ম্যাচ হবে। আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের মতোই এই একই চার দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিল। সেমিফাইনালে কারা খেলবে তা নিয়ে নানা মুণির নানা মত ছিল। তবে কোনও অঘটন ঘটল না। চার শক্তিশালী দলই সেমিতে জায়গা করে নিল।
নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দিল ভারত। সেইসঙ্গে গ্রুপ শীর্ষে থেকেই সেমিতে রোহিতরা। ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরা হলেন বরুণই। ম্যাচের সেরা হয়ে বরুণ বলেন, প্রথম দিকে আমি নার্ভাস ছিলাম। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে বেশি খেলিনি, তাই চাপে ছিলাম। খেলা যত এগিয়েছে ততই উপভোগ করতে শুরু করেছি। বিরাট, রোহিত, শ্রেয়াস, হার্দিক সবাই আমার সঙ্গে কথা বলে আমাকে শান্ত হতে বলেন।
একইসঙ্গে বরুণ বলেন, গতকাল রাতে খেলার বিষয়ে জানতে পেরেছি। দেশের হয়ে খেলার আশায় ছিলাম। ম্যাচে ফোকাস করছিলাম কিন্তু নার্ভাস ছিল না, কিন্তু সঠিক জায়গায় বোলিং করায় চাপ কেটে যায়। কুলদীপ, জাড্ডু, অক্ষর, এমনকি পেসাররাও ভালো বোলিং করেছেন , এই জয় দলগত প্রচেষ্টা।












Click it and Unblock the Notifications