IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, একসঙ্গে অনুশীলনও করেন না রোহিত-হার্দিক
চলতি আইপিএল শুরুর আগে থেকেই চর্চায় মুম্বই ইন্ডিয়ান্স দল। ২০২৪ সালের আইপিএল শুরুর আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত দল থেকে আগত হার্দিকের হাতেই দেওয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব।কিন্তু এবার মুম্বই দলের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আইপিএলের শেষ লগ্নে মুম্বই দলের গোষ্ঠী কোন্দলের খবর ফের একবার প্রকাশ্যে এল। হার্দিক এবং রোহিত দুটি শিবিরে বিভক্ত মুম্বই দল। শোনা যাচ্ছে, মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির ভারতীয় ক্রিকেটারেরা কেউই নাকি পাণ্ডিয়াকে মানছেন না। তাঁরা সকলে রয়েছেন প্রাক্তন অধিনায়কের সঙ্গে। তাঁকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়টি রোহিত ভালোভাবে মেনে নেননি তা তাঁর ঘনিষ্ঠ মহল থেকেই প্রকাশিত হয়েছে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবছর অধিনায়ক পাণ্ডিয়া আর রোহিত একসঙ্গে খুব বেশি অনুশীলনও করেননি। যখন অধিনায়ক ব্যাট করতে আসেন, তখন সাইডলাইনের ধারে বসে থাকেন রোহিত, সূর্যকুমারের মতো সিনিয়র ক্রিকেটাররা। আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে। কেকেআর ম্যাচের আগে ইডেনেও একই ঘটনা ঘটেছে বলেই জানা যায়।
ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াংখেড়েতে ব্যাটিং অনুশীলনের পর মাঠের ধারে বসে সূর্যকুমার এবং তিলক বর্মার সঙ্গে কথা বলছিলেন রোহিত। সে সময় নেটে অনুশীলন করতে যাচ্ছিলেন পাণ্ডিয়া। তাঁকে দেখেই রোহিত সেখান থেকে উঠে মাঠের অন্য দিকে চলে যান। রোহিতের সঙ্গে সূর্যকুমার এবং তিলকও উঠে যান।
এরইমধ্যে ইডেনে রোহিতের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, কেকেআরের সহকারী কোচ অভিষেকের সঙ্গে কথা বলার সময় রোহিতকে বলতে শোনা যায়, "সব বদলে যাচ্ছে। সে সব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। এটা আমার কাছে একটা বাড়ির মতো। এই মন্দির আমি বানিয়েছি।"
দলের মধ্যে হার্দিক ও রোহিতদের মধ্যে 'ঠান্ডা যুদ্ধ' চলছে বলে জানা যায়। দলের ব্যর্থতা নিয়ে রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবের মতো সিনিয়ররা প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিলেন বলে খবর।












Click it and Unblock the Notifications