'ইয়ো-ইয়ো টেস্টে ফেল করতেন সচিন-সৌরভ-লক্ষ্মণ', বীরুর মন্তব্যে বিতর্ক
'ইয়ো-ইয়ো টেস্টে ফেল করতেন সচিন-সৌরভ-লক্ষ্মণ', বীরুর মন্তব্যে বিতর্ক
তাঁদের সময়ে ইয়ো-ইয়ো টেস্ট থাকলে অনেক রথী-মহারথীর ভারতীয় দলে জায়গা ধরা রাখা মুশকিল হত বলে মনে করেন কিংবদন্তি বীরেন্দ্র শেহওয়াগ। এ প্রসঙ্গে তিনি এমন তিন ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন, যাঁরা এ প্রজন্মের ক্রিকেট তারকাদের কাছেও আদর্শ। কার্যত ইয়ো-ইয়ো টেস্টের কাঠিন্য সম্পর্কে বলতে গিয়ে বিতর্ক তৈরি করেছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার।

সচিন-সৌরভ-লক্ষ্মণ পারতেন না
বরাবরই ঠোঁটকাটা বীরেন্দ্র শেহওয়াগ ফের একবার বোমা ফাটালেন। বিসিসিআইয়ের বিতর্কিত ইয়ো-ইয়ো টেস্টের কাঠিন্য সম্পর্কে বলতে গিয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের নাম উল্লেখ করেছেন বীরু। বলেছেন, তাঁদের সময়ে এহেন ফিটনেস টেস্ট থাকলে ভারতীয় দল থেকে তখনই পরিত্যক্ত হতেন তিন রথী।

১২.৫ টেস্টে পাস মার্কস পেতেন না
বীরেন্দ্র শেহওয়াগ জানিয়েছেন যে তাঁদের সময়ে ইয়ো-ইয়ো টেস্ট না থাকলেও জাতীয় দলে জায়গা ধরে রাখতে ক্রিকেটারদের ১২.৫ টেস্টে উত্তীর্ণ হতে হত। কিংবদন্তি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ অনেক সময় সেই ফিটনেস টেস্টেও পাস মার্কস পেতেন না বলে দাবি করেছেন বীরু। কেবল দক্ষতার বলে তিন রথী দীর্ঘদিন ভারতীয় দলের জার্সিতে দাঁপিয়ে খেলেছেন বলেও জানিয়েছেন শেহওয়াগ।

হার্দিক বনাম বরুণ
পিঠে অস্ত্রোপচারের পর থেকে ডাকাবুকো হার্দিক পান্ডিয়ার গতিতে যে কিছুটা পরিবর্তন এসেছে, তা বোঝাই যাচ্ছে। যে কারণে তাঁকে ভারতীয় দলের জার্সিতে নিয়মিত বল করতে দেখা যাচ্ছে না। তবু হার্দিককে নিয়মতি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে খেলার সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিসিসিআই নতুন ২ কিলোমিটার টেস্টে ফেল করায় বরুণ চক্রবর্তীকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ দলে অন্তর্ভূক্ত করা হয়নি। এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট মহলের একটা অংশ।

কী বললেন বীরু
এই ইস্যুতে হার্দিক পান্ডিয়ার পাশেই দাঁড়িয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর কথায়, হার্দিক বল করতে না পারলেও দৌড়নোর ক্ষেত্রে তাঁর শরীরে কোনও সমস্যা চোখে পড়ছে না। কিন্তু বরুণ চক্রবর্তীর আরও অনেকটা ক্ষিপ্র হতে হবে বলে মনে করেন বীরু।












Click it and Unblock the Notifications