কেকেআরের কোয়ারেন্টাইন কুইজে টিম শুভমান বনাম টিম কুলদীপ, জিতল কারা?
কেকেআরের কোয়ারেন্টাইন কুইজে টিম শুভমান বনাম টিম কুলদীপ, জিতল কারা?
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এবারের আইপিএল। টুর্নামেন্ট খেলতে আবু ধাবিতে পৌঁছে গেলেও সেখানে অতিমারীর প্রভাব বেড়ে যাওয়ায় মাঠে নেমে অনুশীলন করতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন বিধি মেনে হোটেলের ঘরেই বন্দি রয়েছেন দীনেশ কার্তিকরা। কোনও কাজ খুঁজে না পেয়ে ভার্চুয়াল মিটিংয়ে দুই দলে ভাগ হয়ে কুইজই খেলে ফেলল কেকেআর। খেলার বিষয় এবং কারা জয়ী হলেন, তা জেনে নিন।

টিম শুভমান বনাম টিম কুলদীপ
কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক এই কুইজের কেবল খেলোয়াড়ের ভূমিকাই পালন করলেন। কারণ টিম বেগুনির অধিনায়ক নির্বাচিত হন তরুণ শুভমান গিল। টিম সোনালীর নেতা বাছা হয় ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে। কুইজ মাস্টার ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআরের সহকারি কোচ অভিষেক নায়ার।

কুইজের বিষয় নির্বাচন
বলিউড বাদশা তথা কেকেআরের মালিক শাহরুখ খানকে নিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকেন কুইজ মাস্টার অভিষেক। মুম্বইয়ের যে বিলাসবহুল বাড়িতে শাহরুখ থাকেন তার নাম, বলিউড তারকার সঙ্গে কোন নায়িকাকে সবচেয়ে বেশি স্ক্রিণ শেয়ার করতে দেখা গিয়েছে সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর সহজেই দেয় দুই দল। হাত তুলে কুইজ মাস্টারের দৃষ্টি আকর্ষণে একে অপরকে টেক্কা দিলেন দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, রিঙ্কু সিংরা।

টাইব্রেকারে জয় কাদের?
কোনও এক স্থানে দুই দলই এক জায়গায় এসে দাঁড়ায়। অর্থাৎ টিম বেগুনি ও টিম সোনালীর মধ্যে ম্যাচ ড্র হয়। টাইব্রেকার হিসেবে ক্রিকেটের প্রশ্ন করেন কুইজ মাস্টার অভিষেক নায়ার। জানতে চান, কোন দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কেকেআর স্পিনার সুনীল নারিন। চটজলদি সঠিক উত্তর দেন ব্যাটসম্যান শুভমান গিল। প্রতিযাগিতা জিতে যায় তাঁর দলও।
|
ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
দলের ক্রিকেটারদের ভার্চুয়াল কুইজ কম্পিটিশনের সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। তা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications