কোটলায় টেস্ট জিতে ৩-০-তে সিরিজ জিতল 'টিম ইন্ডিয়া'
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : কোটলায় শেষ টেস্ট ড্র করার অসম্ভব চেষ্টায় নেমেছিল হাশিম আমলার দক্ষিণ আফ্রিকা। ম্যাচ বাঁচিয়ে অন্তত ০-৩ হারার লজ্জা থেকে অন্তত বাঁচা যাবে। ভাবটা ঠিক তেমনই। তবে শেষরক্ষা হল না। স্পিন ও পেসের সংমিশ্রণে রক্ষণ ভাঙল প্রোটিয়াদের। কোটলা ম্যাচ ও সিরিজ জিতল বিরাট কোহলির ভারত।
চতুর্থ দিন প্রথমার্ধে প্রোটিয়ারা ব্যাট করতে নামলেও ম্যাচ জেতার চেষ্টায় যায়নি। একেরপর এক স্ট্রোক প্লেয়ারে ঠাসা প্রোটিয়া টিম টানা দু'দিন ঠুকঠুক করে ম্যাচ বাঁচানোর চেষ্টায় নেমেছিল। হাশিম আমলা ২৪৪ বল খেলে ২৫ রান করে আউট হলেও এবি ডিভিলিয়ার্স ক্রিজ কামড়ে পড়ে ছিলেন। তবে তাঁর মরিয়া চেষ্টাও কাজে এল না। অশ্বিনের বলে ডিভিলিয়ার্স (২৯৭ বলে ৪৩ রান) ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারত জয়ী হল ৩৩৭ রানে।

রবিবার অজিঙ্ক রাহানের অনবদ্য শতরানের পরে ৪৮২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার দেয় ভারত। এরপর সারাদিন ধরে চলে হাশিম আমলা ও এবি ডিভিলিয়ার্সের ক্রিজ কামড়ে পড়ে থাকার লড়াই। রবিবার খেলা শেষ হওয়া পর্যন্ত আমলা ২০৭ বলে করলেন ২৩ রান ও ডিভিলিয়ার্স করেন ৯১ বলে ১১ রান। সবমিলিয়ে চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৭২/২ রানে দাঁড়িয়ে ছিল।
সেখান থেকে জিততে গেলে শেষদিনে বাকী ৮ উইকেট ফেলতে হত ভারতকে। পারবেন এমন প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামেন কোহলি, অশ্বিনরা। তবে গতকাল যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন আমলারা। যখন মনে হচ্ছিল, ম্যাচ বেরিয়ে যেতে পারে বলে, তখনই রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি।
এরপরও শেষ চেষ্টা করেছিলেন এবি ডিভিলিয়ার্স। তবে প্রোটিয়াদের ভাঙার কাজটি করেন রবিচন্দ্রণ অশ্বিন (৬১/৫) ও উমেশ যাদব (৯/৩)। এছাড়া দুটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা (২৬/২)। সবমিলিয়ে চার টেস্টের সিরিজে ৩-০ জিতলেন বিরাট কোহলিরা। প্রত্যাশামতোই এই সিরিজের সেরা হয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন ও ম্যাচের সেরা হয়েছেন অজিঙ্ক রাহানে। মাঝে দ্বিতীয় টেস্ট ম্যাচটি বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল।












Click it and Unblock the Notifications