মর্গ্যানদের হারাতে পারলে ইংল্যান্ডেরই সমান হবেন বিরাটরা, কী বলছে পরিসংখ্যান
মর্গ্যানদের হারাতে পারলে ইংল্যান্ডেরই সমান হবেন বিরাটরা, কী বলছে পরিসংখ্যান
আর কয়েক ঘণ্টার মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ যে দল জিতবে, তারা সিরিজেও কব্জা করবে। সে দল ভারত হলে পরিসংখ্যানে ইংল্যান্ডকে ধরে ফেলবে বিরাট কোহলি শিবির। সেই দল ইংল্যান্ড হলে ভারতের থেকে দুই ধাপ এগিয়ে যাবেন ইয়ন মর্গ্যানরা।

টানা সাতটি সিরিজে অপরাজিত ভারত
২০১৯ থেকে এখনও পর্যন্ত টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০১৯-এর শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার ২০ ওভারের সিরিজ হেরেছিলেন বিরাট কোহলিরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই বার সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া।

টানা আটটি সিরিজে অপরাজিত ইংল্যান্ড
২০১৮ সালে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ইংল্যান্ড। এরপর থেকে এখনও পর্যন্ত টানা আটটি ২০ ওভারের সিরিজে অপরাজিত রয়েছে ইয়ন মর্গ্যানের দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই বার সহ শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারের সিরিজ জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে ইয়ন মর্গ্যানের দল।

ইংল্যান্ডের অন্য রেকর্ড
পরিসংখ্যান অনুযায়ী আজ ভারতকে কিছুটা হলেও সমঝে চলতে হবে। কারণ বিদেশে টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত রয়েছে ইংল্যান্ড।

ভারতের সামনে সুযোগ
পরিসংখ্যান অনুযায়ী আজ ভারতকে সমঝে চলা উচিত ইংল্যান্ডেরও। কারণ ঘরের মাঠে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে হারের মুখ দেখেননি বিরাট কোহলিরা। তবে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে ধরে নেওয়া যায়।












Click it and Unblock the Notifications