ভিড়ে ঠাসা ওয়েম্বলিতে মাস্ক ছাড়া ইউরো কাপের ম্যাচ দেখা ঋষভই করোনা ভাইরাসে আক্রান্ত
ওয়েম্বলিতে মাস্ক ছাড়া ইউরো কাপের ম্যাচ দেখা ঋষভই কি করোনা আক্রান্ত?
ওয়েম্বলি স্টেডিয়ামে মাস্ক ছাড়া ইউরো কাপের ম্যাচ দেখা ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এক সূত্রের তরফে জানানো হয়েছে। এক সপ্তাহ আগে তাঁর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। লক্ষণহীন হওয়ায় ঋষভকে গোটা দলের থেকে আলাদা করে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে বলেও খবর। শুক্রবার ঋষভের আরও একটি কোভিভ ১৯ টেস্ট হবে বলে জানানো হয়েছে।

আট দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ঋষভ
এক সূত্র মারফত জানা গিয়েছে যে গত আট দিন আগে ঋষভ পন্থের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছিল। সঙ্গে সঙ্গে তাঁকে ইংল্যান্ড সফররত ভারতীয় দলের থেকে আলাদা করে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। লক্ষণহীন পন্থের শরীরে কোভিড ১৯ সংক্রান্ত কোনও সমস্যা নেই বলে জানানো হয়েছে। প্রায় ১০ দিন কেটে যাওয়ায় শুক্রবার টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের আরও একটি কোভিড ১৯ টেস্ট করা হবে বলে খবর।

কী বললেন জয় শাহ
প্রথমে জানা গিয়েছিল ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলের মোট দুই জন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে এক জনের দ্বিতীয় কোভিড ১৯ টেস্ট নেগেটিভ ইতিমধ্যেই নেগেটিভ এসেছে বলেও জানানো হয়েছিল। কিন্তু সেই খবর যে সঠিক নয়, তা নিজেই জানিয়ে দিলেন জয় শাহ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব জানিয়েছেন যে ভারতীয় দলের মাত্র একজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ওই ক্রিকেটার আট দিনের আইসোলেশন পর্ব কাটিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন শাহ। ইংল্যান্ড সফররত ভারতীয় দলের অন্যান্য সদস্যে কোভিড ১৯ নেগেটিভ বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব। সেই সঙ্গে বিসিসিআইয়ের তরফে এও জানানো হয়েছে যে বর্তমানে পন্থের শরীরে কোনও সমস্যাই নেই।

ওয়েম্বলিতে মাস্ক ছাড়া পন্থ
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে যাওয়ার পর তিন সপ্তাহের জন্য জৈব সুরক্ষা বলয় থেকে ছুটি পান ভারতীয় দলের ক্রিকেটাররা। এই সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। আর যাঁরা একা, তাঁরা নিজেদের মতো করে ইংল্যান্ডে সময় কাটিয়েছেন। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী, স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে সেন্টার কোর্টে উইম্বলডনের সাক্ষী থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে ওয়েম্বলিতে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ঋষভ পন্থ। থিক থিকে ভিড়ে মুখে মাস্ক না থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেখান থেকেই ঋষভ করোনা আক্রান্ত হলেন কিনা, সে আশঙ্কাও ঘুরতে শুরু করেছে।

ডারহামে প্রস্তুতি ম্যাচ
আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ডারহামে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত ওই ম্যাচ চলার কথা। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হতে খেলা। টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্য আজই ডারহাম পৌঁছে যাবেন বলে খবর। যদিও ঋষভ পন্থ এখনই দলের সঙ্গে যুক্ত হতে পারছেন না বলেও খবর।












Click it and Unblock the Notifications