আইপিএলের জন্যই বিশ্বকাপে ভালো খেলছে কোহলিরা : মোদী
লন্ডন, ১ মার্চ : বিশ্বকাপের মাঝেই ফের একবার প্রচারের হাওয়া কেড়ে নেওয়ার চেষ্টা করলেন আইপিএলের জনক ললিত মোদী।
বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মহম্মদ শামি ও রবিচন্দ্রণ অশ্বিনদের খেলায় ফুল ফুটেছে নাকি আইপিএলের জন্য! এমনকী ভারতীয় দলের ব্যাটিংয়ের এমন রমরমার নেপথ্যেও নাকি রয়েছে আইপিএলে খেলার অভিজ্ঞতা, এমনটাই ব্যাখ্যা মোদীর।

বিশ্বকাপে ভারতের অনবদ্য পারফরমেন্সে তিনি খুশি জানিয়ে নিজের ওয়েবসাইটে মোদী জানিয়েছেন, বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা আইপিএলে একেরপর এক রুদ্ধশ্বাস ম্যাচ খেলেছে। পাহাড়প্রমাণ চাপ নিয়ে প্রতিটা ম্যাচে খেলাই তাঁদের অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দিচ্ছে, সফল হচ্ছেন তাঁরা।
শুধু এখানেই থেমে না থেকে ললিত মোদীর ব্যাখ্যা, "এই ছেলেরা আইপিএল থেকেই শিখেছে কীভাবে চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করতে হয়। ৬০ দিনের মধ্যে প্রত্যেককে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে 'হাই-প্রেসার ম্যাচ' খেলতে হয় যা অবশ্যই একটা বড় শিক্ষা।"
সাম্প্রতিক সময়ে ভারতীয় দল বহুবার ৩০০ রানের বেশি করতে সমর্থ হয়েছে। ললিত মোদীর বক্তব্য, এসব সম্ভব হয়েছে নাকি আইপিএলের জন্যই।
পাশাপাশি ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের উদাহরণ টেনে নিজের বক্তব্যের সমর্থনে মোদী লিখেছেন, "ইয়ন স্বীকার করেছেন তিনি আইপিএল খেলে আরও পরিণত হয়েছেন।" ফলে সবমিলিয়ে ফের একবার নিজের গুণগান নিজেই গাইলেন মোদী।
প্রসঙ্গত, ২০০৮ সালে ললিত মোদীর হাত ধরেই বিশ্ব ক্রিকেট মানচিত্রে আবির্ভাব ঘটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের।












Click it and Unblock the Notifications