এখনও পর্যন্ত কতগুলি দিনরাতের টেস্ট জিতেছে ভারত? সেরা পারফরম্যান্স কোন ক্রিকেটারের?
এখনও পর্যন্ত কতগুলি দিনরাতের টেস্ট জিতেছে ভারত? সেরা পারফরম্যান্স কোন ক্রিকেটারের?
আগামী বুধবার অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের ফর্ম্যাটে হবে এই ম্যাচ। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক যে গোলাপী বলের টেস্টে এখনও পর্যন্ত কতগুলি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

দিন-রাতের টেস্টে ভারত
হোম এবং অ্যাওয়ে মিলিয়ে এখনও পর্যন্ত দুটি দিন-রাতের টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। দেশের মাটিতে একমাত্র ম্যাচ জিতলেও বিদেশে গোহারা হারতে হয়েছে বিরাট কোহলি শিবিরকে। অর্থাৎ টিম ইন্ডিয়ার গোলাপী বলের টেস্ট জয়ের শতকরা হার ৫০ শতাংশ।

শেষ জয় এবং হার
২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতিহাসে প্রথমবার দিন-রাতের টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই টেস্ট এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল বিরাট কোহলি শিবির। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার গোলাপী বলে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের তৃতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হওয়ার পাশাপাশি লজ্জার হারের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

শতরানকারী বিরাট
অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দিন-রাতের টেস্টে সেভাবে দাগ কাটতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৪ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট। ভারতীয়দের মধ্যে তিনিই একমাত্র যিনি গোলাপী বলের ফর্ম্যাটে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন।

ইশান্ত-উমেশ ক্যারিশমা
বাংলাদেশের বিরুদ্ধে গোলাপী বলের টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ইশান্ত শর্মা ও উমেশ যাদব। দুই ভারতীয় ফাস্ট বোলার ওই টেস্টে যথাক্রমে ৯ ও ৮ উইকেট নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications