টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপের দল ঘোষণা শীঘ্র, ইংল্যান্ড সফর শেষের অপেক্ষায় থাকবে কি বিসিসিআই?
ওভালে ভারত-ইংল্যান্ডের টেস্ট শেষ হতেই টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত থাকা ভারতীয় দলের ক্রিকেটাররা অচিরেই বড় খবরটি পেতে চলেছেন। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই। ইংল্যান্ড সফর চালাকালীনই, নাকি শেষের পর মেগা টুর্নামেন্টের জন্য দল নির্বাচন করা হবে, তার একটা আভাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আগামী সপ্তাহেই টি২০ বিশ্বকাপের দল নির্বাচন
আগামী সপ্তাহেই আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচন করা হতে পারে বলে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে লন্ডনের কেনিংটন ওভালে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। কোনও বড় অঘটন না ঘটলে বা খেলা সময়ের আগে শেষ না হলে সোমবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার কথা। ১০ সেপ্টেম্বর (পরের সপ্তাহের শুক্রবার) ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম টেস্টে মুখোমুখি হওয়ার কথা বিরাট কোহলি ও জো রুট বাহিনীর। এই দুই টেস্টের মাঝেই আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হয়ে যেতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। নির্ধারিত কোনও দিন জানা না গেলেও পরের সপ্তাহের সোম কিংবা মঙ্গলবারই শুভ কাজটি সম্পন্ন করা হতে পারে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য চলতি বছরের অক্টোবরে শুরু হতে চলা মেগা টুর্নামেন্টের জন্য নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। তৃতীয় দল হিসেবে ভারতের নাম উঠে আসতে পারে।

কবে থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ
২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। উদ্যোক্তার ভূমিকায় থাকবে বিসিসিআই। সম্প্রতি টি২০ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি। সে অনুযায়ী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। ওইদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মোকাবিলায় নামবে টিম ইন্ডিয়া।

আইপিএলের অপেক্ষায় নেই বিসিসিআই
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা চলতি বছরের আইপিএল। টুর্নামেন্ট শেষ হওয়ার দুই দিনের মধ্যেই ওই দেশেই শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। এই প্রেক্ষাপটে ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন যে আইপিএলের মাঝপথেই হয়তো ভারতের টি২০ দল ঘোষণা করা হবে। বিসিসিআই সে ঝঞ্ঝাটে জড়িয়ে অযথা দেরি করতে চাইছে না বলেও খবর পাওয়া গিয়েছে। তবে টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে যে চলতি বছরের আইপিএলের প্রথম পর্বের পারফরম্যান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা প্রায় নিশ্চিত।












Click it and Unblock the Notifications