ওয়ান ডেতেও সূর্যোদয়, ক্রুনাল-প্রসিদ্ধকে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের
ওয়ান ডেতেও সূর্যোদয়, ক্রুনাল-প্রসিদ্ধকে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের ধারাবাহিকতা এবং ইংল্যান্ডের বিরুদ্ধ চতুর্থ টি-টোয়েন্টিতে ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্সের দাম পেলেন সূর্যকুমার যাদব। ঘরের মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে দেশের ওয়ান ডে দলেও সুযোগ পেলেন মুম্বইকর। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন কর্নাটক তথা কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল ক্রুনাল পান্ডিয়ার। অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে শোরগোল ফেলে দেওয়া পৃথ্বী শ ও দেবদত্ত পাড়িক্কলের সুযোগ না হওয়ায় হতাশ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

দলে সূর্য-প্রসিদ্ধ-ক্রুনাল
ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিকভাবে ব্যাট হাতে বাইশ গজ কাঁপিয়েছেন সূর্যকুমার যাদব। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই ভারতের টি-টোয়ন্টি দলে তিনি সুযোগ পান। ঘরের মাঠ ইংল্যান্ডের বিরুদ্ধ চতুর্থ টি-টোয়েন্টিতে অর্ধশতরান করে নির্বাচকদের নজর কেড়ে নেন সূর্য। ভারতের ওয়ান ডে দলেও ডাক পেলেন মুম্বইকর। টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুনাল পান্ডিয়া পারফরম্যান্সের অভাবে জাতীয় নির্বাচকদের চোখের আড়ালে চলে গিয়েছিলেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে ক্রুনালের পারফরম্যান্স নজর টানে। তাই তাঁকে ফের জাতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেলেন কর্নাটক তথা কেকেআরের ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ।

প্রত্যাবর্তন ভুবির
সদ্য বিবাহিত জসপ্রীত বুমরাহ যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে না ওঠা মহম্মদ শামিকেও দলে অন্তর্ভূক্ত করা যায়নি। পরিবর্তে ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে অন্তর্ভূক্ত করা হয়েছ অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে। দলে রাখা হয়েছে বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজনকেও।

ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

উপেক্ষিত পৃথ্বী ও দেবদত্ত
সদ্য শেষ হওয়া বিজয় হাজারে ট্রফিতে ৮০০-এর বেশি রান করেছেন মুম্বইয়ের পৃথ্বী শ। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তরুণ ব্যাটসম্যান। তা সত্ত্বেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পৃথ্বীর জায়গা না হওয়ায় নাক বেঁকিয়েছেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ। বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে সাড়া জাগানো দেবদত্ত পাড়িক্কলকেও দলে সুযোগ দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications