ইংল্যান্ড টেস্টের আগে পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার ছাড়পত্র ভারতীয় ক্রিকেটারদের!
ইংল্যান্ড টেস্টের আগে পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার ছাড়পত্র ভারতীয় ক্রিকেটারদের!
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের কোনও সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানানো হয়েছে। তাই চেন্নাইয়ের হোটেলে পরিবারের সদস্যদের সঙ্গে সংযুক্ত হওয়ার ছাড়পত্র পেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। এ ব্যাপারে ভারতীয় বোর্ডর তরফে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

কোভিড ১৯ টেস্ট
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলতে চেন্নাই পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও বিসিসিআইয়ের নির্দেশ সেখানে টিম ইন্ডিয়ার প্রতি সদস্যের তিন বার করে কোভিড ১৯ টেস্ট করা হয়। সবার সবকটি টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে সংযুক্ত
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে চেন্নাই পৌঁছেছেন তাঁদের পরিবারের সদস্যরা। কিন্তু প্রাথমিকভাবে তাঁদের আলাদা করে রাখা হয়েছিল। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সবকটি কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসায় তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের সংযুক্তিকরণে ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট নেগেটিভ আসায় সকলকে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।

আরও দুটি কোভিড ১৯ টেস্ট
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে চেন্নাই পৌঁছনো ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ছোট ছোট দলে ভাগ হয়ে চিপকে অনুশীলনে নামবেন বিরাট কোহলিরা। তার আগে ভারতীয় ক্রিকেটারদের আরও দুটি করোনা টেস্টে (আরটি-পিসিআর) অংশ নিতে হবে বলে জানানো হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications