লঙ্কান ক্রিকেটের বিদ্রোহের আঁচে খোশমেজাজে শিখর-হার্দিক-ভুবিদের অনুশীলন, ভিডিও ভাইরাল
বিদ্রোহের আঁচে মজার ছলে অনুশীলনে শিখর-হার্দিক-ভুবিরা
শ্রীলঙ্কা ক্রিকেটে তৈরি হয়েছে বিদ্রোহের বাতাবরণ। বেঁকে বসেছেন একে একে পাঁচ ক্রিকেটার। সেই আবহেই দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলতে পৌঁছে যাওয়া ভারতীয় ক্রিকেট দল অবশ্য খোশ মেজাজেই রয়েছেন। নিভৃতবাস কাটিয়ে হালকা মেজাজে অনুশীলন করতে দেখা গেল শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারদের। ভাইরাল হয়েছে বিসিসিআইয়ের ভিডিও।
|
অনুশীলনে নেমে গিয়েছেন ধাওয়ানরা
মুম্বইয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ২৮ জুন শ্রীলঙ্কা পৌঁছয় শিখর ধাওয়ান নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কলম্বোয় ভারতীয় ক্রিকেটারদের তিন দিনের নিভৃতবাসে থাকতে হয়। গত ১ জুলাই করোনা বিধি থেকে রেহাই পান শিখর ধাওয়ান, হার্দিক পন্ডিয়া, ভুবনেশ্বর কুমাররা। একই সঙ্গে অনুশীলনে নেমে পড়েন তাঁরা। শুক্রবার সেই ছবি পোস্ট করেছিল বিসিসিআই। শনিবার এ সংক্রান্ত ভিডিও পোস্ট তা ভাইরাল করেছে বিসিসিআই।

খোশমেজাজে অনুশীলনে হার্দিকরা
১৮ দিনের ঘরবন্দি দশা থেকে বেরিয়েই কড়া অনুশীলনে নামেনি ভারতীয় ক্রিকেট দল। কোচ রাহুল দ্রাবিড় চান আপাতত কিছুদিন একে অপরের ঘনিষ্ঠ হয়ে নিজেদের মধ্যে সুস্থ বন্ডিং তৈরি করুক ক্রিকেটাররা। তাতে ভাল খেলার মানসিকতা তৈরি হবে বলে মনে করেন কিংবদন্তি। আপাতত পুলে স্নান করে, ফুটবল খেলে এবং একে অপরের সঙ্গে খুনসুঁটি করে দিন কাটছে হার্দিক পান্ডিয়া, মনীশ পান্ডে, যুজবেন্দ্র চাহালদের। অভিজ্ঞ শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে তরুণ ক্রিকেটারদের মেলবন্ধনে কী ফলাফল হয়. সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

ধাওয়ানদের সামনে বড় চ্যালেঞ্জ
বর্তমানে টেস্ট খেলতে ইংল্যান্ডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির মতো ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। তাঁদের ছাড়াই শ্রীলঙ্কা সফরে ভাল কিছু করার আশায় টিম ইন্ডিয়ার বি টিম পাঠানো হয়েছে। দলে একাধিক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। সম্মিলিত প্রয়াসে দল সফল হবে বলে আশা শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়াদের।

শ্রীলঙ্কা ক্রিকেটে অশান্তি
একদিকে ভারতীয় দল যখন খোশমেজাজে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি হচ্ছে, তখন অন্যদিকে সে দেশের ক্রিকেটার ও বোর্ডের মধ্যে চুক্তি ইস্যুতে অশান্তির বাতাবরণ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিতে যেতে রাজি হননি সেদেশের পাঁচ ক্রিকেটার। ফল স্বরূপ লাসিথ এমবুলডেনিয়া, লাহিরু কুমারা, অশেন বন্দরা, বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিতাকে দলের আবাসিক শিবিরে যোগ দিতে দেওয়া হয়নি বলে খবর।

রনতুঙ্গাকে জবাব শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের
বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়া শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে আসা ভারতীয় দলকে বি টিম বলে উল্লেখ করেছিলেন অর্জুনা রণতুঙ্গা। এই ঘটনা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য অপমান বলে দাবি করেছিলেন সে দেশের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই ঘটনার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছিলেন রণতুঙ্গা। যার জবাবও তিনি পেয়ে গিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন এই দল মোটেই কমজোরি। এই ভারতীয় দলের ১৪ জন ক্রিকেটার বিভিন্ন ফর্ম্যাটে দেশকে প্রতিনিধিত্ব করেছেন বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications