সিডনিতে তাসের ঘরের মতো ভাঙল ভারত, ২৪৪ রানে থামল রাহানে শিবির, লড়লেন পূজারা
সিডনিতে তাসের ঘরের মতো ভাঙল ভারত, ২৪৪ রানে থামল রাহানে-পূজারা শিবির
মেলবোর্ন টেস্টের দুর্দান্ত জয় কোনও প্রভাবই ফেলল। সিডনি টেস্টের প্রথম ইনিংসে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। তরুণ শুভমান গিল, পোড় খাওয়া চেতেশ্বর পূজারা ছাড়া প্রভাব বিস্তার করতে পারলেন না কোনও ভারতীয় ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানে থেমে গেলেন রোহিত শর্মারা। টিম পেইনদের থেকে ৯৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

সিডনি টেস্টে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটানো অজি ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে যান। এরপর দ্বিতীয় ওপেনার উইল পুকোভস্কির সঙ্গে মার্নাস লাবুশেনের ১০০ রানের পার্টনারশিপ হয়। স্টিভ স্মিথের সঙ্গেও ১০০ রানের পার্টনারশিপ গড়েন মার্নাস। তবে তিনি নিজে ৯১ রান করে সাজঘরে ফিরে যান। অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ২২৬ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্টিভ স্মিথ। ৩৩৮ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
ভারতের হয়ে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। স্মিথকে দুর্দান্ত রান আউটও করেন তিনি। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং ডেবিউট্যান্ট নভদীপ সাইনি। এক উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলের প্রথম ইনিংসের শুরুটা দারুণ হয়। আইপিএলের পর চোট সারিয়ে ফের বাইশ গজে নামা রোহিত শর্মা ও তরুণ শুভমান গিলের ওপেনিং জুটিতে ওঠে ৭০ রান। ২৬ রান করে আউট হন রোহিত। ১০১ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে আরও একবার ক্রিকেট দুনিয়ার নজর কাড়েন ভারতীয় ওপেনার। আটটি চার আসে গিলের ব্যাট থেকে।
২ উইকেট হারিয়ে ৯৬ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয় বোলারদের দাপটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক অজিঙ্ক রাহানে সিডনি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২২ রান করে সাজঘরে ফিরে যান। ৪ রান করে রান আউট হন হনুমা বিহারী। উইকেটরক্ষক ঋষভ পন্থের অবদান ৩৬ রান। ১০ রান করে রান আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। চেতেশ্বর পূজারার ৫০ রানের ইনিংস ভারতকে কিছুটা হলেও লড়াইয়ে ফিরিয়েছে। ২৮ রান করে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। দলের অন্য ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড ২ উইকেট নেন। এক উইকেট নেন মিচেল স্টার্ক।












Click it and Unblock the Notifications