পুজো বাম্পার হাজির, কলকাতায় দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে পৌঁছে গেল কোহলিরা
কলকাতা বিমানবন্দরে পা দিয়ে জন উন্মাদনা। কোহলি এন্ড কোংয়ের ছবি তুলতে ব্যস্ত কলকাতা ফ্যানরা। একই বিমানে শহরে এলেন স্টিভ স্মিথরাও।
জয়ের ধারায় ছুটে চলেছে ভারত। শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শুরুটা দারুণ করেছে বিরাট কোহলি এন্ড কোং। সোমবারই কলকাতায় পা রাখল টিম ইন্ডিয়া।

আগামী বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত। একই বিমানে কলকাতায় চলে এসেছেন অজ়ি ক্রিকেটাররাও। বিমানবন্দরে বিরাট এন্ড কোংকে দেখে উচ্ছ্বাস ছিল দারুণ। কোহলিদের ছবি তোলার জন্য হিড়িক লেগে যায়।

তবে বিমানবন্দরের বাইরে পা রেখেই বিরাট ও ধোনি গাম্ভীর্য বজায় রাখলেও , দলের পিনআপ বয় হার্দিক পান্ডিয়া উল্লাসে চিৎকার করে ওঠেন। পুজোর আগে ক্রিকেট জ্বর লেগে গেল শহরে।

ভারতীয়দের সঙ্গে একই বিমানে এসেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। তারাও বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। অজ়ি অধিনায়ক স্টিভ স্মিথ থেকে ডেভিড ওয়ার্নার সকলেই জড়ো হওয়া ভিড়ের উদ্দেশ্যে হাত নাড়েন।

মঙ্গলবার থেকে দুই দলই অনুশীলনে নামবে। চলতি সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইতে রবিবার প্রথম ম্যাচে ডার্কওয়ার্থ লুইস নিয়মে ২৬ রানে অস্ট্রেলিয়াকে হারায় কোহলির ভারত।












Click it and Unblock the Notifications