ওভালে আউট নিয়ে আম্পারের সঙ্গে মতবিরোধে জড়িয়ে কেএল রাহুলের বড় শাস্তি, শৃঙ্খলাভঙ্গের দায়
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের তৃতীয় দিনে মাঠে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি পেলেন কেএল রাহুল।
ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতে থাকা চতুর্থ টেস্টে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃতীয় দিনে ওপেনার রোহিত শর্মার শতরান ও চেতেশ্বর পূজারা লড়াকু অর্ধশতরানের সৌজন্যে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও চতুর্থ দিনের গতি-প্রকৃতি ম্যাচের ফলাফল নির্ণায়ক হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেসবের মধ্যেই ব্যাটসম্যান কেএল রাহুলের শাস্তি সেই পরিবেশকে কিছুটা হলেও গম্ভীর করেছে। ওভাল টেস্টের তৃতীয় দিনে নিজের আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে মতবিরোধে জড়িয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় অঙ্কের আর্থিক জরিমানার কবলে পড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার।

চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভার বল করছিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ওই ওভারের সর্বশেষতম বলের আউট সুইংগারে বিট হন কেএল রাহুল। তাঁর বিরুদ্ধে কট বিহাইন্ড উইকেটের আবেদন করেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ফিল্ড আম্পায়ার সেই আবেদন নাকচ করে দিলে ডিআরএসের আশ্রয় নেন ব্রিটিশ অধিনায়ক জে রুট। অ্যাকশন রিপ্লেতে একটা শব্দ শোনা যায়। মনে করা হয় যে অ্যান্ডারসনের বল ভারতীয় ওপেনারের ব্যাট স্পর্শ করে উইকেটরক্ষকের হাতে গিয়ে পৌঁছেছে। ফলে রাহুলকে আউট ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান। মাথা নাড়তে নাড়তে তিনি সাজঘরে ফেরেন। রাহুলের দাবি বল তাঁর ব্যাটে নয়, বরং ব্যাট তাঁর প্যাডে স্পর্শ করার জেরে আওয়াজ হয়েছে।
আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধ করা কেএল রাহুলকে আইসিসি কোড অফ কনডাক্টের ২.৮ ধারা অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে। ভারতীয় ওপেনারের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। রাহুলের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। উক্ত শাস্তি ভারতীয় ওপেনার মাথা পেতে নিয়েছেন বলে জানানো হয়েছে। তাই এই কেসে পরবর্তী শুনানির কোনও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। ম্যাচের ফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ, রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ ও ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সম্মিলিত সিদ্ধান্তে কেএল রাহুলের মাথায় এই শাস্তির খাড়া নামানো হয়েছে।
Indian opener KL Rahul has been fined for breaching the ICC Code of Conduct during the fourth #ENGvIND Test at The Oval.
— ICC (@ICC) September 5, 2021
More details 👇https://t.co/HdfgWfkIHQ
ওভাল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়েছিলেন রাহুল। সেই ব্যর্থতা ঝেরে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ান ভারতীয় ওপেনার। ম্যাচের তৃতীয় দিনে যখন তিনি আউট হন, তখন তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে মূল্যবান ৪৬ রান। ১০১ বল খেলে স্কোর খাড়া করেন ভারতীয় ওপেনার। ৬টি অসাধারণ চার ও একটি ছক্কা আসে রাহুলের ব্যাট থেকে। আরও বড় স্কোরের আশা জাগিয়ে যখন তিনি আউট হলেন, তা নিয়ে তৈরি হল বিতর্ক। আইসিসি-র নিয়ম ভঙ্গের অভিযোগে বড় শাস্তির কবলে পড়তে হয় ভারতীয় ব্যাটসম্যানকে।












Click it and Unblock the Notifications