India vs Bangladesh: অশ্বিন-জাদেজাদের দাপটে বেসামাল বাংলাদেশ, কানপুরে জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া
ম্যাচের প্রথম দিনের খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। এরমধ্যে দ্বিতীয় এবং তৃতীয় দিন একটি বলও খেলা হয়নি। ফলে ম্যাচ জয়ের জন্য ভারতের হাতে ছিল দুই দিন। কিন্তু বর্তমান টিম ইন্ডিয়ার কাছে কোনও চ্যালেঞ্জই যে অসম্ভব নয়। চিপকের পর কানপুর। দ্বিতীয় টেস্টেও জয়ের দুয়ারে ভারত।
ম্যাচের চতুর্থ দিনে টি২০-মেজাজে খেলে খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অল আউট করে ফেললেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ২৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ১৪৬ । ফলে জয়ের জন্য ভারতকে তুলতে হবে ৯৫ রান।

চতুর্থ দিনে যেখানে শেষ করেছিলেন পঞ্চম দিনে সেখান থেকেই শুরু করলেন অশ্বিন। দিনের শুরুতেই মোমিনুল হককে ২ রানে আউট করলেন অশ্বিন। ১৯ রান করে বাংলাদেশ অধিনায়ক শান্ত বোল্ড হলেন জাদেজার বলে। এরইমধ্যে অর্ধশতরান করলেন শাদমান ইসলাম। ১০১ বলে ৫০ রান করেন বাংলাদেশি ওপেনার। আকাশ দীপের বলে আউট হলেন শাদমান।
লিটন দাস, শাকিব আল হাসান বা মেহেদি হাসানরা কেউই রান পেলেন না। লিটন ১, শাকিব ০, মেহেদি ৯ রান করে সাজঘরে ফিরে গেলেন। তাইজুল ইসলামও ০ রানে ফিরলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুটা লড়াই করে যান মুশফিকুর। শেষ উইকেটে খালেদকে সঙ্গী করেই মাটি কামড়ে লড়াই করতে থাকেন মুশফিকুর।তিনি ধৈর্য্যের পরীক্ষায় ফেলে দেন ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত বুমরাহের বলে ৩৭ রানে আউট হলেন তিনি।
জয়ের জন্য ভারতকে করতে হবে ৯৫ রান। এখনও হাতে দুটি সেশন রয়েছে। প্রথম ইনিংসে যেভাবে টি২০-র মেজাজে ব্যাট করেছিল ভারত তাতে এই রান তোলা খুব একটা সমস্যা হবে না ভারতের জন্য।
ভারতের হয়ে জাদেজা, অশ্বিন, বুমরাহ এই ইনিংসে তিনটি করে উইকেট নেন। টেস্টে বাঁ হাতি স্পিনারদের মধ্যে উইকেট প্রাপ্তির নিরিখে তিন নম্বরে আছেন জাদেজা। বর্তমানে তাঁর উইকেট সংখ্যা ৩০৩ । এই তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ৯৩ ম্যাচে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিত্তোরি ১১৩ ম্যাচে ৩৬২ উইকেট নিয়েছেন। এরআগে ম্যাচের চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন জাদেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাদার রান এবং ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।












Click it and Unblock the Notifications